ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়াও তৈরি করেছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম।
এক পরিবার থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা কমানো এবং একই পরিবারের সদস্যদের টানা ১২ বছরের পরিবর্তে সর্বোচ্চ ৬ বছর পরিচালক থাকার বিধান করা হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে ব্যাংকের ওপর পরিবার ও নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর দীর্ঘদিনের নিয়ন্ত্রণ কতটা কমানো সম্ভব হবে?
রাশেদ আল মাহমুদ তিতুমীর: ব্যাংকের পরিচালনা পর্ষদে একক পরিবার থেকে একাধিক সদস্যের দীর্ঘদিনের প্রতিনিধিত্ব পরিবারকেন্দ্রিক নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করে। এ ধরনের পরিস্থিতি ব্যাংকের পেশাগত সিদ্ধান্ত গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিকে বাধাগ্রস্ত করতে পারে। তাই পরিচালনা পর্ষদে ভারসাম্য প্রতিষ্ঠা এবং ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বার্থ সংরক্ষণে এ বিধান সংশোধন প্রয়োজন। এ লক্ষ্যে এক পরিবার থেকে সর্বোচ্চ পরিচালকের সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন এবং ওই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন দুটি প্রতিষ্ঠানের পরিবর্তে একটি প্রতিষ্ঠানের পক্ষে একজন পরিচালক নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
বর্তমান আইনে একজন ব্যক্তি একই ব্যাংকে টানা ১২ বছর পরিচালক থাকতে পারেন। এরপর তিন বছর বিরতি দিয়ে আবার ফিরতে পারেন। একই পরিচালকের দীর্ঘ সময় দায়িত্ব পালনের ফলে সিদ্ধান্ত গ্রহণে একক বা গোষ্ঠীগত প্রভাব তৈরির ঝুঁকি থাকে। আমরা গোষ্ঠীতন্ত্র ভাঙতেই সংস্কার করছি। আমরা চাই, পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয় ঘটুক। এ জন্য একজন পরিচালকের টানা মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে।
অতীতে দেখা গেছে, কোনো কোনো ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজেদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। শুধু এক পরিবারের পরিচালকের সংখ্যা ও মেয়াদ কমিয়ে এই গোষ্ঠীগত নিয়ন্ত্রণ বন্ধ করা যাবে কি? এ ক্ষেত্রে সরকারের বাড়তি কোনো উদ্যোগ থাকবে?
রাশেদ আল মাহমুদ তিতুমীর: শুধু পরিবারের সদস্যসংখ্যা ও পরিচালকদের মেয়াদ কমিয়ে গোষ্ঠীগত নিয়ন্ত্রণ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। কারণ, একটি ব্যবসায়ী গোষ্ঠী পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়, ঘনিষ্ঠ ব্যক্তি, সহযোগী প্রতিষ্ঠান, বেনামি শেয়ারধারী কিংবা স্বার্থসংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে পর্ষদে প্রভাব বিস্তার করতে পারে। অতীতে এ ধরনের নজিরও রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথমত, প্রকৃত সুবিধাভোগী মালিকানা বা আলটিমেট বেনিফিশিয়াল ওনারশিপ (ইউবিও) শনাক্ত করতে হবে। বেনামি শেয়ারধারী, নমিনি ও সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে মালিকানার প্রকৃত চিত্র আড়াল করার সুযোগ বন্ধ করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে।
দ্বিতীয়ত, পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের লেনদেনে কড়াকড়ি করতে হবে। পরিচালকদের নিজস্ব গোষ্ঠীর প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সীমা ও শর্ত কঠোর করা এবং স্বার্থের সংঘাত হলে তা প্রকাশের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ বিষয়েও প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের তদারকি বাড়াতে হবে। সন্দেহজনক গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোয় নিবিড় পরিদর্শন এবং প্রয়োজন হলে পর্ষদ পুনর্গঠনের ক্ষমতা প্রয়োগ করতে হবে।
নতুন আইনে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ বন্ধ করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ কতটা কমবে? রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপ ঠেকানোর ব্যবস্থাও কি আইনে থাকছে?
রাশেদ আল মাহমুদ তিতুমীর: প্রস্তাবিত আইনে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। তাঁরা পর্ষদে থাকতে না পারলে ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক ক্ষমতার সরাসরি যোগসূত্র কমবে। ব্যাংক খাতের একটি পুরোনো সমালোচনা হলো ঋণ ও অন্যান্য সুযোগ পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে রাজনৈতিক পরিচয় ও প্রভাব। আমরা এ পরিস্থিতির পরিবর্তন চাই।
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বাধীন ও পেশাগতভাবে দক্ষ পরিচালকদের অংশগ্রহণ বাড়ানো, পরিচালকদের দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করা এবং স্বার্থের সংঘাত প্রতিরোধের মাধ্যমে কার্যকর সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তবে শুধু জনপ্রতিনিধিদের পর্ষদে থাকার সুযোগ বন্ধ করলেই সব ধরনের প্রভাবমুক্ত পরিবেশ তৈরি হবে না। রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী যাতে ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্যও প্রকৃত মালিকানা শনাক্তকরণ, স্বার্থসংশ্লিষ্ট লেনদেন নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর তদারকি জরুরি।
ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তাঁদের নিয়োগ, দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে ব্যাংকের মালিকপক্ষের প্রভাব থাকে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বতন্ত্র পরিচালকদের প্রকৃত স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
রাশেদ আল মাহমুদ তিতুমীর: স্বতন্ত্র পরিচালক নিয়োগে মালিকপক্ষের প্রভাব এড়ানো একটি বড় চ্যালেঞ্জ। ব্যাংকের পর্ষদে তাঁদের নিয়োগ, দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে মালিকপক্ষের প্রভাব কমিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ তৈরি করতে হবে। এ জন্য নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও স্বার্থের সংঘাত না থাকার স্পষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন। মালিকেরা যাতে সরাসরি নিজেদের পছন্দের ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বসাতে না পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে স্বতন্ত্র পরিচালকদের মেয়াদ নির্দিষ্ট করতে হবে। মালিকপক্ষ যাতে ইচ্ছেমতো তাঁদের অপসারণ করতে না পারে, সেটিও নিশ্চিত করা জরুরি। নিরীক্ষা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিতে তাঁদের নেতৃত্বের ভূমিকা থাকতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি হলে জবাবদিহির ব্যবস্থা এবং কোনো অনিয়ম দেখলে বাংলাদেশ ব্যাংকের কাছে সরাসরি তথ্য জানানোর সুযোগও থাকতে হবে। আমার মতে, স্বতন্ত্র পরিচালকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত না হলে পর্ষদে তাঁদের সংখ্যা বাড়িয়ে খুব বেশি সুফল পাওয়া যাবে না।
ব্যাংক কোম্পানি আইনের এসব সংশোধন কি মূলত পরিচালনা পর্ষদের কাঠামো ও পরিচালকদের মেয়াদ পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর মাধ্যমে ব্যাংক খাতের রাজনৈতিক প্রভাব, পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক নিয়ন্ত্রণ এবং ঋণের নামে অর্থ লুটপাটের সংস্কৃতি ভাঙার উদ্যোগ নেওয়া হচ্ছে? অতীতে ব্যাংক খাতের অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে সরকারের পরিকল্পনা কী?
রাশেদ আল মাহমুদ তিতুমীর: ব্যাংক কোম্পানি আইনের প্রস্তাবিত সংশোধনকে শুধু পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ও মেয়াদ পরিবর্তনের উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে ব্যাংক খাতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, পরিবার ও ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণ, অনিয়মের মাধ্যমে ঋণ বের করে নেওয়া এবং আমানতকারীদের অর্থ ঝুঁকির মুখে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণের বৃহত্তর লক্ষ্য রয়েছে। আমরা চাই, ব্যাংকগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পরিচালিত না হয়ে আমানতকারী ও দেশের অর্থনীতির স্বার্থে পরিচালিত হোক।
তবে ভবিষ্যতের অনিয়ম ঠেকানো এবং অতীতে যাঁরা অর্থ আত্মসাৎ করেছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা দুটি পৃথক কিন্তু পরস্পর–সম্পর্কিত কাজ। শুধু আইন সংশোধন করে অতীতের অর্থ আত্মসাতের বিচার বা অর্থ উদ্ধার সম্ভব নয়। এ জন্য আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অনিয়ম ও অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আত্মসাৎ করা সম্পদ জব্দ এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। খেলাপি ঋণের কঠোর সংজ্ঞা প্রয়োগ, ঋণ আদায় ত্বরান্বিত করা এবং ব্যাংকের অর্থের অপব্যবহার বন্ধ করাও জরুরি।
আমি মনে করি, ব্যাংক খাতের সংস্কার শুধু আইনি কাঠামো পরিবর্তনের বিষয় নয়। আইনের নিরপেক্ষ প্রয়োগ, শক্তিশালী তদারকি এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কারণ, ব্যাংকের অর্থ মূলত আমানতকারীদের অর্থ। তাঁদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করাই ব্যাংক সংস্কারের প্রধান লক্ষ্য হওয়া উচিত।