
হঠাৎ জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ানো হলো, সেটি আমাদের কল্পনাতেও ছিল না। আমাদের ধারণা ছিল, ২০-২৫ শতাংশ দাম বাড়তে পারে। বাস্তবে যেটি করা হলো, সেটি কোনো হিসাবের সঙ্গে মিলছে না। এতে ছোট ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, তাঁদের বাড়তি খরচ সমন্বয় করার সুযোগ খুবই কম।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে। তার সঙ্গে সারের দাম বেড়ে যাওয়ায় খাদ্যের উৎপাদন কমে যেতে পারে। সেটি হলে দেশের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। সে কারণে কৃষি খাতে অবশ্যই ভর্তুকি দিতে হবে। সরকারের এটি গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।
জ্বালানির ক্ষেত্রে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে অনেক সময় নিয়েছে। তারপর আগ্রাসী ব্যবস্থার পথে হেঁটেছে। সে কারণেই সবাই চাপের মধ্যে পড়ে গেছে। বর্তমান বাস্তবতায় দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ দরকার। তিন বছর পর আরেকটি যুদ্ধ যে আসবে না, তা কেউ বলতে পারে না। গ্যাসের জন্য ২৪টি অফশোর ব্লকে অনুসন্ধান চালাতে হবে, যাতে ধীরে ধীরে এলএনজি আমদানি কমানো যায়। অন্যদিকে জ্বালানি তেল বাজারমূল্যে (বৈশ্বিক দাম) সরবরাহ করার উদ্যোগ নেওয়া দরকার। তাহলে মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে চাহিদা ওঠানামা করবে।
রিজওয়ান রাহমান, সভাপতি, ঢাকা চেম্বার