পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেছেন, মানুষের কল্যাণে কাজের সুযোগ চাই। রাজনৈতিক মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রত্যাশা। প্রধানমন্ত্রী সেই সুযোগ করে দিয়েছেন।
আজ রোববার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমবারের মতো যান মো. শহীদুজ্জামান সরকার। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গত শুক্রবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
মো. শহীদুজ্জামান সরকার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সিপাহশালার। তিনি যেভাবে সৈন্য–সামন্ত সাজাবেন, যুদ্ধ জয়ের জন্য আমরা সেভাবেই কাজ করব।’
প্রতিমন্ত্রী হিসেবে লক্ষ্য কী, জানতে চাইলে মো. শহীদুজ্জামান সরকার বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা বলেছেন। এটি একটি বিমূর্ত বিষয়, মূর্ত কোনো রূপ নেই। সেই সোনার বাংলা গড়ে তুলতে প্রয়োজন অনুযায়ী মানুষকে সেবা দেওয়া হবে। সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন।