
তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের দান ও অনুদান হিসেবে পাওয়া আয়কে আগামী পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এই ফাউন্ডেশন দান ও অনুদান হিসেবে যে পরিমাণ অর্থ গ্রহণ করবে, সেই অর্থের ওপর এর কর্তৃপক্ষকে কোনো কর দিতে হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সম্প্রতি এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে সরকার নির্ধারিত কিছু খাতে দান ও অনুদানের আয়ে কর অব্যাহতি পাওয়া যায়। ওই তালিকায় তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশন নেই।
এখন আলাদা প্রজ্ঞাপন দিয়ে এই ফাউন্ডেশনের পাওয়া দান ও অনুদানকে কর অব্যাহতি দেওয়া হলো। তবে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনকে তাদের ব্যাংক সুদের আয়ের ওপর কর দিতে হবে।
এনবিআরের আয়কর বিভাগ অবশ্য এর আগেও এমন ধরনের কিছু প্রতিষ্ঠানকে আলাদা প্রজ্ঞাপন দিয়ে কর অব্যাহতি দিয়েছে।
এ ছাড়া তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনকে এই কর অব্যাহতি দেওয়ার শর্তও বেঁধে দেওয়া হয়েছে। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর অব্যাহতিপ্রাপ্ত দান ও অনুদানের পুরো টাকা এই ফাউন্ডেশনকে জনকল্যাণমূলক কাজে খরচ করতে হবে।
তাজউদ্দীন আহমদ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তাঁর স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনও আওয়ামী লীগের নেত্রী ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। পঁচাত্তর–পরবর্তী সময়ে কিছু সময়ের জন্য আওয়ামী লীগের নেতৃত্ব দেন।