বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটক
বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটক

বাংলাদেশ ব্যাংকের কমিটি থেকে সাদিক আহমেদের পদত্যাগ, সুদহার কমানোর সভা স্থগিত

নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নিয়ে সুদহার কমানোর উদ্যোগ নিয়েছেন। এ জন্য আজ বুধবার নীতি সুদহার কমাতে ডেকেছিলেন মুদ্রানীতি কমিটির সভা। এই সভায় ১০ শতাংশ নীতি সুদহার কমানোর পরিকল্পনা ছিল। শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্টে কমিয়ে আনার পরামর্শ দিয়েছিলেন নতুন গভর্নর, যাতে ঋণের সুদহার কমে আসে। তবে সভাটি স্থগিত করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্যপদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগ করেছেন। তিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ছিলেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক।

ঠিক কী কারণে সভাটি স্থগিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সুদহার কমানোর উদ্যোগে বিতর্ক তৈরি হওয়া ও সাদিক আহমেদের পদত্যাগের যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সাত সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। পরিচালনা পর্ষদ কর্তৃক একমাত্র মনোনীত সদস্য ছিলেন সাদিক আহমেদ। এই কমিটির চেয়ারম্যান গভর্নর মো. মোস্তাকুর রহমান। অন্য সদ্যরা হলেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।

জানতে চাইলে বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে জানানো হয় সভাটি হচ্ছে না। ঈদের পর হতে পারে বলে জানানো হয়েছে। সাদিক আহমেদ জানিয়েছেন তিনি কমিটিতে থাকছেন না।