
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। বেশ কিছুদিন পর গত বৃহস্পতিবার বাজারে ডলারের দাম সামান্য বাড়লেও আজ আবার কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক— ১২২ টাকা ৩০ পয়সা। সম্প্রতি বিশ্ববাজারে ডলারের দাম বাড়লেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল।
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইয়েন ও রুপির দাম; বেড়েছে ইউরোর দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।