আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ঋণখেলাপি বিষয়ে কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান
আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ঋণখেলাপি বিষয়ে কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান

নিজের ‘ঋণখেলাপি’র বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গভর্নর

গভর্নর পদে নিয়োগ পাওয়ার পর থেকে মোস্তাকুর রহমানকে নিয়ে আলোচনা চলছে, তিনি ঋণখেলাপি কি না। আজ শুক্রবার বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ–সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন মোস্তাকুর রহমান নিজেই।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ১০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পাশাপাশি গভর্নরও অংশ নেন।

নিজের ঋণখেলাপি–সংক্রান্ত প্রশ্নের জবাবে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ‘আমি শুরু থেকেই এটা (ঋণখেলাপি) শুনে আসছি। আমার একটা পরিবেশবান্ধব কারখানা ছিল। এই কারখানা কোনো দিন বন্ধ হয়নি। রপ্তানিও কোনো দিন বন্ধ হয়নি। শ্রমিকের বেতন কখনো বাকি পড়েনি। কখনো ঋণ মওকুফ হয়নি।’

নিজের ঋণ প্রসঙ্গে গভর্নর আরও বলেন, প্রথমে ৪ শতাংশ সুদে ১৫০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। পরে সেই সুদ ৯-১১ শতাংশ ছাড়িয়ে যায়। এ ছাড়া করোনাভাইরাসসহ নানা সমস্যায় ঋণ পরিশোধে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে ১০০ কোটি টাকা ঋণ ইতিমধ্যে শোধ হয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রায় এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। এই বিশাল অঙ্কের টাকা চুরি হওয়ার ফলে ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।