ব্র্যাক ও সিটি ব্যাংকের নতুন সেবা , কী আছে ‘ডিজিবক্সে’

গ্রাহক সুবিধা বাড়াতে স্মার্ট কুরিয়ার লকার ‘ডিজিবক্স’ স্থাপন শুরু করেছে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। আপাতত ব্যাংকের শাখাগুলোর সামনে এসব বক্স বসানো হয়েছে। ভবিষ্যতে মেট্রোরেল স্টেশনেও এই বক্স স্থাপনের পরিকল্পনা করছে ব্যাংক দুটি।

ব্যাংকের শাখায় যাঁরা এটিএম কার্ড, চেক বই এবং ব্যাংক হিসাবের বিবরণীর জন্য আবেদন জমা দিচ্ছেন, তাঁরা খুদে বার্তা পাওয়ার পর যেকোনো সময় এসব বক্স থেকে সেগুলো সংগ্রহ করতে পারছেন। এর ফলে একদিকে শাখায় গ্রাহকের চাপ কমেছে, অন্যদিকে গ্রাহকেরা নিজের সুবিধামতো সময়ে কার্ড ও চেক সংগ্রহ করতে পারছেন।

জানা যায়, গত জুনে ব্র্যাক ব্যাংক প্রথম গুলশান নর্থ শাখায় ডিজিবক্স স্থাপন করে। এরপর ব্যাংকটি গুলশান, মতিঝিল, কারওয়ান বাজার, এলিফ্যান্ট রোড, সাত মসজিদ শাখাতেও এই বক্স বসিয়েছে। সম্প্রতি সিটি ব্যাংক তাদের গুলশান শাখায় এ ধরনের সেবা চালু করেছে। ব্যাংকটি তাদের এই সেবার নাম দিয়েছে অ্যাকসেস প্লাস।

কী এই ‘ডিজিবক্স’

ডিজিবক্স মূলত একটি স্বয়ংক্রিয় বা স্মার্ট লকার সিস্টেম। কোনো সেবার জন্য গ্রাহক সংশ্লিষ্ট শাখায় আবেদনে করলে শাখার কর্মকর্তারা সেই কার্ড বা চেক বই লকারে রেখে যান। পার্সেল লকারে রাখার সঙ্গে সঙ্গেই গ্রাহকের মোবাইলে একটি ওটিপি বা সিকিউরিটি কোডসহ বার্তা যায়। এরপর গ্রাহক তাঁর সুবিধাজনক সময়ে সেখানে গিয়ে কোডটি ব্যবহার করে লকার থেকে নিজেই নিজের পার্সেলটি সংগ্রহ করতে পারেন। এর ফলে সেবাটি পেতে নির্দিষ্ট সময়ে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না।

সুযোগ-সুবিধা

ব্র্যাক ও সিটি ব্যাংকের কর্মকর্তারা জানান, চেক বই ও এটিএম কার্ড গ্রাহকের স্বাক্ষর ছাড়া দেওয়া হয় না। আবার নিরাপত্তার স্বার্থে গ্রাহকের ঠিকানায় কুরিয়ারও করা হয় না। আবার চেক বই ও এটিএম কার্ডের জন্য শাখায় এসে আবেদন করতে হয়। আবেদনের পর ওই কার্ড বা চেক বই শাখায় আসতে কয়েক দিন সময় লাগে। ফলে একজন গ্রাহককে দুবার শাখায় আসতে হয়। ডিজিবক্সের মাধ্যমে কোনো গ্রাহক কার্ড বা চেক বই গ্রহণ করতে চাইলে সেটিকেই স্বাক্ষর হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে নতুন চালু করা সেবাটি দ্রুত জনপ্রিয় হচ্ছে বলে জানান ব্যাংক দুটির কর্মকর্তারা। তাঁরা বলছেন, নতুন এই বক্স সব শাখায় স্থাপন করা গেলে গ্রাহকেরা ২৪ ঘণ্টা সেবা গ্রহণ করতে পারবেন। ওটিপি-ভিত্তিক লকার হওয়ায় গ্রাহকের পার্সেল সম্পূর্ণ নিরাপদ থাকবে।

কী বলছে ব্যাংক দুটি

নতুন এই সেবার বিষয়ে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মাহীয়ুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত জুনে এ ধরনের বক্স প্রথম নর্থ গুলশান শাখায় বসানো হয়। আমরা দেখলাম, অনেকে রাতেও বক্স থেকে সেবা গ্রহণ করছেন। এরপর আমরা অন্য শাখাতেও একই ধরনের বক্স বসিয়েছি। সেবাটি আরও দ্রুত ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’

এ বিষয়ে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অরূপ হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমরা চলতি বছরে ১৫টি শাখায় এই বক্স স্থাপন করব। এতে গ্রাহকেরা ২৪ ঘণ্টা সেবা পাবেন। ফলে গ্রাহকদের আর ব্যাংকিং সময়ের জন্য অপেক্ষা করতে হবে না।