বাংলাদেশ ব্যাংক বিদেশি দূতাবাস বা এজেন্টদের মাধ্যমে স্থানীয় মুদ্রায় সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে সহজ এবং ভিসাসংক্রান্ত লেনদেনপ্রক্রিয়াকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আজ সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা স্থানীয়ভাবে ভিসা ফি সংগ্রহ করে তা সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশের কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবের অনুকূলে বিদেশে পাঠাতে পারবে।
তবে এ ধরনের রেমিট্যান্স কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য কিছু নির্দিষ্ট শর্ত ও নির্দেশনা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাসের নির্ধারিত হারের ভিত্তিতে সংগ্রহ করতে হবে। এ ছাড়া দূতাবাস বা তাদের অনুমোদিত সংস্থা থেকে ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে, যার সঙ্গে আবেদনকারীভিত্তিক ফি সংগ্রহের বিবরণী সংযুক্ত থাকতে হবে।
এ ছাড়া ফি পাঠানোর আগে প্রযোজ্য সব কর যথাযথভাবে কর্তন নিশ্চিত করতে হবে।