বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

গভর্নরকে ট্রেজারিপ্রধানেরা

ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক হয়নি

ডলারের বাজার এখনো পুরোপুরি বাজারভিত্তিক হয়নি। ডলারের দাম নির্ধারণে বাংলাদেশ ব্যাংক মাঝেমধ্যে হস্তক্ষেপ করে। এমনকি নিলামে ডলার কেনার সময়ও কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়ে থাকে। ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানেরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানকে এমন তথ্য জানিয়েছেন।

বৈদেশিক মুদ্রাবাজার ও সমসাময়িক বিষয়ে আজ মঙ্গলবার সকালে এক সভা আহ্বান করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। বিভিন্ন ব্যাংকের ট্রেজারিপ্রধানদের এই সভায় ডাকা হয়।

জানা যায়, সকালে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন ও বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক মো. বায়েজিদ সরকারসহ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে গভর্নর সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মকর্তাদের সভাস্থল ত্যাগ করতে বলেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বের হয়ে গেলে গভর্নর জানতে চান ডলারের বাজার ও দাম বাজারভিত্তিক, না নির্দেশিত? এ সময় কয়েকজন ট্রেজারিপ্রধান গভর্নরকে জানান, ডলারের দাম নিয়ে বাংলাদেশ ব্যাংক সব সময় নির্দেশনা দিয়ে থাকে। এখনো দিয়ে যাচ্ছে। কিছু হলে পরিদর্শকদের পাঠানো হয়।

এরপর গভর্নর ট্রেজারিপ্রধানদের বলেন, ‘ডলারের বাজারে আমরা কোনো হস্তক্ষেপ চাই না, তবে তদারকি প্রয়োজন। কেউ যদি কারসাজি করে, তাহলে তাঁকে শাস্তি পেতে হবে। এরপর গভর্নর চলে গেলে সভাস্থল ছেড়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ট্রেজারিপ্রধানদের সঙ্গে আবারও বৈঠক করেন।’ তখন ট্রেজারিপ্রধানেরা জানান, ডলারের বাজারে কোনটাকে কারসাজি হিসেবে ধরা হবে, তার তালিকা দিলে সবার জন্য ভালো হয়। এতে সবাই নিয়ম মেনে চলতে পারবে। তবে শেষ পর্যন্ত সভাটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

এদিকে ব্যাংকগুলো এখন ১২২ টাকা ৫০ পয়সা দামে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ডলার কিনছে। আমদানি দায় পরিশোধ করছে ১২৩ টাকা ৫০ পয়সা দামে। কোনো কোনো ব্যাংক এর চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করছে। ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ডলারের দাম নিচ্ছে ১২৪ টাকার বেশি। আর খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৫০ পয়সায়।

তবে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ ডলার কিনেছে ১২২ টাকা ৭৫ পয়সা দামে। আজ এই দামে ৬ ব্যাংক থেকে ৮ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তাতে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৬ কোটি ডলার।