
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের স্থলাভিষিক্ত হয়েছেন।
গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সাইফুল ইসলামকে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন এই দায়িত্বে যোগদানের তারিখ দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।
২০২৪ সালের আগস্টে রূপালী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এখন কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তাকে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।