
লাফার্জহোলসিম গ্রুপ ৩৪০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ফায়ারস্টোন বিল্ডিং প্রোডাক্ট কোম্পানিকে অধিগ্রহণ করেছে। এ ব্যাপারে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। ফায়ারস্টোন বিল্ডিং প্রোডাক্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল রুফিং এবং বিল্ডিং ইনভেলাপ সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান। এটি টায়ার প্রস্তুতকারক কোম্পানি ব্রিজেস্টোনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিদায়ী ২০২০ সালে ফায়ারস্টোনের নিট বিক্রির পরিমাণ ছিল ১৮০ কোটি ডলার। এ ছাড়া কর-পূর্ববর্তী মুনাফা করেছিল ২৭ কোটি ডলার।
লাফার্জহোলসিম বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, লাফার্জহোলসিম গ্রুপ নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ জোগানের পাশাপাশি ঋণ নিয়ে ফায়ারস্টোন অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ফলে প্রতিবছর ১১ কোটি ডলার সাশ্রয় হবে বলে আশা করছে লাফার্জহোলসিম।
এই চুক্তি সম্পর্কে লাফার্জহোলসিম গ্রুপের প্রধান নির্বাহী বলেন, ‘আকর্ষণীয় রুফিং ব্যবসায় অন্তর্ভুক্ত হতে পেরে আমি আনন্দিত। ফায়ারস্টোন বিল্ডিং প্রোডাক্ট অধিগ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আমরা আমাদের অবস্থান আরও দৃঢ় করতে পারব। উদ্ভাবনী ও টেকসই কোম্পানি হিসেবে লাফার্জহোলসিমকে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই অধিগ্রহণ একটি মাইলফলক হয়ে থাকবে। ফায়ারস্টোনের কর্মীদের লাফার্জহোলসিমে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
ব্রিজেস্টোন অ্যামেরিকাসের সভাপতি ও সিইও পাওলো ফেরারি বলেন, ‘ফায়ারস্টোনের প্রবৃদ্ধির জন্য এটা একটা দারুণ সুযোগ। এর ফলে ব্রিজেস্টোনও নিজস্ব ব্যবসায় অধিকতর আলোকপাত করতে সক্ষম হবে। আমরা নিশ্চিত লাফার্জহোলসিমের মতো কোম্পানির সান্নিধ্যে এসে ফায়ারস্টোন নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারবে। ফায়ারস্টোনের কর্মী ও গ্রাহকদের ভালো দেখভাল করবে লাফার্জহোলসিম।’