
মানুষ যেন জীবনবিমা সম্পর্কে আরও সহজে জানতে পারে, সে লক্ষ্যে দেশে এই প্রথম ‘হ্যালো বিমা’ শীর্ষক টোল-ফ্রি হটলাইন চালু করেছে মেটলাইফ বাংলাদেশ।
টেলিফোন বা মোবাইল কানেকশন আছে, এমন যে কেউ হ্যালো বিমায় যোগাযোগ করে জীবনবিমা ও এর সুবিধা সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসার উত্তর পাবেন।
মেটলাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেশির ভাগ মানুষের মধ্যে ভবিষ্যতের সুরক্ষার জন্য জীবনবিমার ভূমিকা নিয়ে সচেতনতার অভাব আছে। একই সঙ্গে, বিমা সম্পর্কে মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণাও রয়েছে। হ্যালো বিমার লক্ষ্য মানুষকে প্রশিক্ষণপ্রাপ্ত বিমা কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলতে উৎসাহিত করা। এতে তাঁরা জীবনবিমা এবং আর্থিক সুরক্ষার বিষয়ে তাঁদের প্রশ্নের সঠিক উত্তর পাবেন এবং জীবনবিমা কীভাবে তাঁদের সাহায্য করতে পারে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পাবেন।
রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টোল ফ্রি ০৮০০০০১৬৩৪৪ নম্বরে ডায়াল করে হ্যালো বিমা হটলাইন সেবা পাওয়া যাবে।
এই হটলাইন সেবা চালু প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘কোভিড-১৯ মহামারিকালে আমরা লক্ষ করেছি যে এখন অনেকেই জীবনবিমার মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ব্যাপারে জানতে আগ্রহী। হ্যালো বিমা টোল ফ্রি হটলাইন সেবার মাধ্যমে এখন সবাই মেটলাইফের সুদীর্ঘ অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে জীবনবিমা সম্পর্কিত তথ্য জানতে পারবে, যা আগে শুধু মেটলাইফ গ্রাহকেরাই পেতেন।’