
সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনোয়ার হোসেনের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে গত রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। শোক সভায় বক্তব্য দেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, পরিচালক রাজিবুল হক চৌধুরী, আনোয়ার হোসেনের বড় ছেলে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ছোট ছেলে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন আনোয়ার হোসেনের মেজ ছেলে সিটি ব্যাংকের পরিচালক হোসেন মেহমুদ, সিটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্বাসউদ্দীন আহমেদ প্রমুখ।
আনোয়ার হোসেন সংসদ সদস্য ছিলেন। সভায় আলোচকেরা তাঁর কর্মজীবনের নানাদিক নিয়ে স্মৃতিচারণ করেন। এ ছাড়া বেসরকারি ব্যাংকিং খাতে তাঁর অবদান তুলে ধরেন বক্তব্য দেন অনেকে। এ সময় আনোয়ার হোসেনের জীবনদর্শন ও কর্মময় জীবন নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।
সভায় সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আনোয়ার হোসেনের দৃষ্টি শুধু ব্যবসায় বৃদ্ধিতে ছিল না। সমাজের অনগ্রসর মানুষের প্রতিও তিনি দৃষ্টি রাখতেন। স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন সিটি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসাইন মোল্লা।