
জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রোববার হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। স্পনসর ও পরিচালকদের বাদ দিয়ে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিপিএইচ ইস্পাত এ তথ্য জানিয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল; পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. আব্দুল আহাদ, মো. আজিজুল হক, সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফিক সাদাফ ও সায়হাম সাদিক পিয়াল; স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও রেজিনা পারভীন।
এ ছাড়া সভায় গ্রুপ সিইও মো. মোক্তার হোসেন তালুকদার; গ্রুপ সিএফও এইচ এম আশরাফুজ্জামান, সিএফও মো. আতিকুর রহমান চৌধুরী, কোম্পানি সচিব মো. মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জিপিএইচ ইস্পাতের গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সেই সঙ্গে এমডি পদে পাঁচ বছরের জন্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুনর্নিয়োগ এবং স্বতন্ত্র পরিচালক পদে তিন বছরের জন্য রেজিনা পারভীনের নিয়োগ ও শফিউল আলম খান চৌধুরীর পুনর্নিয়োগ অনুমোদিত হয়েছে।
স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, নগরায়ণ, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের ফলে দীর্ঘ মেয়াদে মানসম্পন্ন ইস্পাত পণ্যের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।