
‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল সোমবার রাজধানীর শান্তা পিনাকলে ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার ব্যাংক এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম নুরুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজসহ উপব্যবস্থাপনা পরিচালকেরা, বিভিন্ন বিভাগের প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের নিষ্ঠাবান কর্মকর্তাদের দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় কর্মকর্তারা ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন উদ্দীপনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আরিফুর রহমান জানান, অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নিতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে ব্যাংকের পরিধি সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি ও গ্রাহকদের আস্থা অর্জনে সুপরিকল্পিত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।