
সেমস-গ্লোবাল ইউএসএর আয়োজনে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বাণিজ্যমেলা প্রাঙ্গণ) আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স– ২০২৬’ শীর্ষক চার দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি ২ হাজার ২৪৫টি বুথ ও প্যাভিলিয়নে অংশ নেবে। আয়োজকদের আশা, এ প্রদর্শনীতে ব্যবসায়িক দর্শনার্থীর সংখ্যা ১৬ হাজার ছাড়াবে।
এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ এবং ৫৩তম ডাই+কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেমস-গ্লোবাল ইউএসএ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রদর্শনীর বিস্তারিত জানাতে গত বুধবার ঢাকার একটি তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেমস-গ্লোবাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।
আয়োজকেরা জানান, প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে।
প্রদর্শনীর পাশাপাশি চারটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এবারের বিশেষ সংযোজন ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। এখানে ইআরপি, অটোমেশন, ক্লাউড সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি, ডিজিটাল মেশিনারিজসহ আধুনিক প্রযুক্তি ও সমাধান প্রদর্শন করা হবে।