
২০২৬ বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান জার্সির মোড়ক উন্মোচন করেছে ওয়ালটন। গত সোমবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এই জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম, পরিচালক সাবিহা জারিন অরনাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি আবেগ গভীর। বিশ্বকাপে দেশজুড়ে আকাশি-সাদা রং ছড়িয়ে পড়ে। ফুটবলকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ চলাকালে অফিস, কারখানা ও পরিবেশকদের অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান তিনি।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, এএফএ যখন বাংলাদেশে ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নেয়, তখনই ব্র্যান্ডটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়। স্পনসরশিপ শুধু লোগো প্রদর্শন নয়, এটি সক্ষমতারও স্বীকৃতি। তরুণেরা আর্জেন্টিনার খেলায় দক্ষতা, দলগত কাজ ও অধ্যবসায় দেখে অনুপ্রাণিত হন। এখন সেই জার্সিতে তাঁরা একটি বাংলাদেশি ব্র্যান্ডও দেখতে পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পনসর হচ্ছে ওয়ালটন।