
ব্যাংক এশিয়া তার কার্ডধারীদের জন্য বিশেষ লাইফস্টাইল ও হসপিটালিটি সেবা নিশ্চিত করতে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি করেছে।
এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডধারীরা ক্রাউন প্লাজা হোটেলের বুফে ডাইনিংয়ে ‘একটি কিনলে একটি ফ্রি’ বা ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া ব্যাংক এশিয়ার সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা আ লা কার্ট ডাইনিং, হেলথ ক্লাব, সুইমিং পুল এবং ভেন্যু বুকিংয়ের ক্ষেত্রে ১০ শতাংশ মূল্যছাড় পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক এশিয়া এসব তথ্য জানিয়েছে।
সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিশান আহাম্মদ এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার।
ব্যাংক এশিয়া জানায়, এই অংশীদারত্ব তাদের কার্ডধারীদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করার অঙ্গীকারের একটি প্রতিফলন। এর মাধ্যমে গ্রাহকেরা ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের বিশ্বমানের আতিথেয়তা ও সেবাসমূহ আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন।