ইউসিবির মোট ঋণের ৭২% টেকসই অর্থায়নে গেছে

সাসটেইনেবিলিটি রিপোর্ট তথা টেকসই অর্থায়ন–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে
ছবি: ইউসিবি

পরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন এবং টেকসই অর্থায়নের চিত্র তুলে ধরে ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ওয়েবভিত্তিক ইন্টারঅ্যাকটিভ সংস্করণসহ প্রকাশ করা হয়েছে ‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ নামের এ প্রতিবেদন। এটি ইউসিবির তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইউসিবি টেকসই অর্থায়নে ১৭ হাজার ৯২৭ কোটি ৯ লাখ টাকা বিতরণ করেছে, যা ব্যাংকের বিতরণ করা মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশ। একই সময়ে গ্রিন ফাইন্যান্স তথা পরিবেশবান্ধব খাতে বিতরণ করা হয়েছে ৪৮৮ কোটি ৬৭ লাখ টাকা। ইউসিবি লিড সনদপ্রাপ্ত ২৭টি পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন করেছে। এর মধ্যে ১২টি প্ল্যাটিনাম ও ১৩টি গোল্ড সনদপ্রাপ্ত।

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, জলবায়ু ঝুঁকির মুখোমুখি একটি দেশে ব্যাংক হিসেবে মূলধনকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির অনুঘটক হিসেবে কাজে লাগানোয় বিশ্বাস করে ইউসিবি।