আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড রেইনবো দেশের বাজারে নিয়ে এল ‘স্প্রে পেইন্ট’।
শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল কার্যালয়ে এক অনুষ্ঠানে স্প্রে পেইন্টের মোড়ক উন্মোচন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। তিনি বলেন, ‘আরএফএল গ্রুপ পণ্য উৎপাদনে সব সময় গুণগত মান ও ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক মানের রং উৎপাদন করে বাজারজাত করায় অল্পসময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।’
অনুষ্ঠানে জানানো হয়, দেশে বিভিন্ন কাজে স্প্রে পেইন্ট ব্যবহার হয়। তবে এত দিন আমদানির মাধ্যমেই সেই চাহিদা মেটানো হতো। এখন রেইনবো পেইন্টসের নিজস্ব কারখানায় স্প্রে পেইন্ট উৎপাদন করে বাজারজাত শুরু হয়েছে। রেইনবো বিক্রয়কেন্দ্র ও অনুমোদিত পরিবেশকের মাধ্যমে ৪০০ মিলি ক্যানে রেইনবো স্প্রে পেইন্টস এখন পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ খুচরা মূল্য ১৫০ টাকা।
রেইনবো পেইন্টসের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, রেইনবো স্প্রে পেইন্ট অ্যাক্রিলিকভিত্তিক পেইন্ট, যা ধাতু, কাঠ, কাচ, সিরামিক, প্লাস্টারসহ অনেক কিছুর ওপর ব্যবহার করা যায়। এ রঙের বৈশিষ্ট্য হলো—এটি দ্রুত শুকিয়ে যায়। ব্যবহার করাও সহজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেইনবো পেইন্টসের মহাব্যবস্থাপক সালেহ্ আহম্মদ চৌধুরী, হেড অব অপারেশন সোহেল রানা, হেড অব সেলস শাহজাহান সানী, হেড অব মার্কেটিং প্রণব কুমার প্রমুখ।
বর্তমানে স্প্রে পেইন্ট ছাড়াও রেইনবোর ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিংসহ বিভিন্ন ক্যাটাগরির রং রয়েছে। সারা দেশে রেইনবো পেইন্টসের ২৮০টি বিক্রয়কেন্দ্র ও অনুমোদিত পরিবেশকের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা।