
গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব ইন্টারফেস এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন এই অ্যাপ মানুষের দৈনন্দিন আর্থিক চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নগদ জানিয়েছে, নতুন নগদ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত রয়েছে। নতুন লেনদেন করার আগে গ্রাহকদের অ্যাপটি আপডেট করে নিতে হবে, যা তাদের নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের নিশ্চয়তা দেবে।
নগদ বলছে, এই নতুন অ্যাপটির রেসপন্স, লোড ও ল্যাগ টাইম অন্যান্য আর্থিক সেবার অ্যাপের তুলনায় বেশ কম। অ্যাপটিতে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট কিংবা ইউটিলিটি বিল পরিশোধ এবং ইন্টার অপারেবিলিটি সেবার মাধ্যমে গ্রাহকের লেনদেনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে আরও আর্থিক সেবা যেমন গ্রাহকদের ঋণ দেওয়া, এফডিআর ও বিমার মতো সেবা যুক্ত হবে।
এসব বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। তিনি বলেন, ‘নতুন অ্যাপে সহজে ব্যবহার উপযোগী অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তাকাঠামো যুক্ত করেছি। ফলে গ্রাহকেরা আরও সহজে, দ্রুত এবং একই সঙ্গে নিজের তথ্য ও অর্থকে সুরক্ষিত রেখে তাঁদের দৈনন্দিন সব ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।’