মনজুলা মোরশেদ
মনজুলা মোরশেদ

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মনজুলা মোরশেদ

ব্র্যাক ব্যাংক সম্প্রতি মনজুলা মোরশেদকে উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

মনজুলা মোরশেদের নিয়োগ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা আছে মনজুলা মোরশেদের। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ উপযোগী সক্ষমতা গড়ে তোলার বিষয়ে তিনি বিশেষভাবে পরিচিত।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মানবসম্পদ কৌশল কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে মনজুলা মোরশেদের সক্ষমতা ব্র্যাক ব্যাংককে একটি নির্দিষ্ট লক্ষ্যমুখী ও উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করবে।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মনজুলা মোরশেদ সেকেন্ড মাউন্টেন কনসাল্টিংয়ে লিড কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এক দশকের বেশি সময় ধরে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে প্রধান মানবসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে নেতৃত্ব পর্যায়েও দায়িত্ব পালন করেন।

মনজুলা মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। লন্ডন বিজনেস স্কুল ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ও অ্যাডভান্সড এইচআর প্রোগ্রাম সম্পন্ন করেছেন।