বাংলালিংকের গ্রাহক এখন ৪ কোটি

দেশের বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের গ্রাহকসংখ্যা বেড়ে চার কোটিতে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ৩ লাখ ৩০ হাজার নতুন গ্রাহক যুক্ত হওয়ায় নতুন এই মাইলফলকে পৌঁছায় বাংলালিংক। জানুয়ারি শেষে বাংলালিংকের গ্রাহকসংখ্যা দাঁড়ায় প্রায় ৪ কোটি ১৪ লাখ।

রাজধানীর সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমানের উপস্থিতিতে ‘বাংলালিংকের চার কোটি গ্রাহক’ অর্জন উদ্‌যাপন করা হয়।

বাংলালিংক জানায়, তারা গত বছর নেটওয়ার্কের প্রায় ৪০ শতাংশ সম্প্রসারণ করে। বর্তমানে তাদের বেজ ট্রান্সিভার স্টেশন বা বিটিএসের সংখ্যা ১৪ হাজার ৫০০-র বেশি, যা টাওয়ার নামে পরিচিত।

বাংলালিংককে ডিজিটাল অপারেটরে রূপান্তরিত করার লক্ষ্য পূরণে টফি, আপলিংক এবং মাইবিএল সুপার অ্যাপের মতো কয়েকটি ডিজিটাল সেবা চালু করা হয়। বর্তমানে টফির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি। টফির উন্নত কনটেন্ট বা আধেয় বাংলালিংকের গ্রাহকসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘টেলিকম খাত বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। টেলিকম অপারেটর হিসেবে বাংলালিংক এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলালিংক সামনের দিনগুলোয় আরও সাফল্য অর্জন করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে আমার বিশ্বাস।’

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘বাংলালিংকের চার কোটি গ্রাহক অর্জন আমাদের প্রবৃদ্ধির যাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে।

আমরা গ্রাহক, নীতিনির্ধারক, অংশীদারসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলালিংক এই মাইলফলক অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে গ্রাহকদের জীবনে আরও ইতিবাচক পরিবর্তন এনে সামনে এগিয়ে যেতে চায়।’