
প্রত্যন্ত চরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে কাজ করা লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। তিনি গতকাল সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত চর এলাকায় অবস্থিত এই হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান প্রমুখ।
দেশে নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ এবং অলাভজনক সামাজিক উদ্দেশ্যমূলক প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ’ ২০০১ সালে ভাসমান এই আবাসিক হাসপাতাল নির্মাণ করে। এতে পর্যাপ্ত চিকিৎসা উপকরণ রয়েছে।
ইউনিলিভার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত দুই দশকে লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল বগুড়ার চরাঞ্চলের প্রান্তিক মানুষকে কীভাবে বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে, তা ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করা হয়। তিনি সামাজিক ব্যবসা, সুশাসন, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে কাজ করা ‘ফ্রেন্ডশিপ’-এর বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখেন।
হাসপাতাল পরিদর্শনের সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ইউনিলিভারের লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল আশার প্রতীকে পরিণত হয়েছে।
রবার্ট চ্যাটারটন আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি হিসেবে বেড়ে উঠছে। বিগত ২০ বছরে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের মাধ্যমে ‘ফ্রেন্ডশিপ’-এর সঙ্গে ইউনিলিভারের অংশীদারত্ব অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। আর লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের মতো উদ্যোগগুলো প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন বদলাতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি জাভেদ আখতার বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সবার জন্য টেকসই বাসযোগ্য বিশ্ব তৈরিতে অবদান রাখা।’
মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ মানুষের মৌলিক অধিকার হলেও বাংলাদেশের দূরবর্তী অঞ্চলের বাসিন্দারা সেবা পেতে সমস্যার সম্মুখীন হন। এ উপলব্ধি থেকে ২০ বছর আগে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল গড়ে তোলা হয় বলে জানান জাভেদ আখতার।
গত ২০ বছরে ৬ লাখ ৫৭ হাজার রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল। এখানে রয়েছে বিভিন্ন সুবিধাসহ একটি পরিপূর্ণ প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট। স্বাস্থ্যসেবার পাশাপাশি হাসপাতাল থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।