শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ডেলিভারি রাইডার হিসেবে কাজ করে যাওয়া সোলায়মানকে একটি ই–বাইক উপহার দিয়েছে অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা বাংলাদেশ। রমজান উপলক্ষে আয়োজিত ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৬’ অনুষ্ঠানে তাঁর হাতে ই–বাইকটি তুলে দেওয়া হয়। এতে তিনি আরও সহজে ডেলিভারির কাজ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের অলটেয়ার কনভেনশন হলে সম্প্রতি আয়োজিত ওই অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে সোলায়মানের হাতে ই–বাইকটি তুলে দেন।
শৈশবে এক দুর্ঘটনায় সোলায়মান তাঁর একটি পা হারান। তবে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং জীবিকার তাগিদে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি ঢাকায় ফুডপ্যান্ডার ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছেন।
ই–বাইকটি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সোলায়মান বলেন, এই সহায়তা তাঁর দৈনন্দিন কাজে বড় পরিবর্তন আনবে। তিনি বলেন, ‘সাইকেল চালিয়ে ডেলিভারি করা অনেক সময় বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ই–বাইকটি আমার কাজকে সহজ করবে এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে।’
‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৬’ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন জোন থেকে প্রায় ৫০০ ডেলিভারি পার্টনার ও অতিথি অংশ নেন। বিজ্ঞপ্তি