
কক্সবাজারে পর্যটকদের চলাচল আরও সহজ করতে মোটরসাইকেল ভাড়া দেন এমন ব্যবসায়ীদের ৩০টি ইয়ামাহা এফজেডএস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা যাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইয়ামাহা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’—এই ভাবনাকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের মতে, পর্যটকদের জন্য ব্যক্তিগত পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করাই এ উদ্যোগের লক্ষ্য ।
সম্প্রতি কক্সবাজারের হোটেল সী গালে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০টি মোটরসাইকেল ব্যবসায়ীদের কাছে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত ডিলার মাহিন মোটরসের স্বত্বাধিকারী।
প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে রাইডার ও পিলিয়নের জন্য দুটি করে সার্টিফাইড হেলমেটও দেওয়া হয়েছে। ফলে পর্যটকেরা নিরাপদভাবে মোটরসাইকেল ব্যবহার করে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।