চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সমন্বিত কর–পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ১৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ২ দশমিক ৯৯ টাকা, যা এক বছর আগে ছিল ২ দশমিক ৩৭ টাকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিএলসি জানায়, প্রথমার্ধে প্রতিষ্ঠানটির রিটার্ন অন ইকুইটি (আরওই) বেড়ে ১২ দশমিক ৩৬ শতাংশ ও রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৫২ শতাংশ হয়েছে।
একক ভিত্তিতে আইডিএলসির গ্রাহক আমানত বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫৪ কোটি টাকা। একই সময়ে ঋণ পোর্টফোলিও হয়েছে ১১ হাজার ৭৬০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির মন্দ ঋণের হার (এনপিএল) ২০২৫ সালের প্রথমার্ধের ৪ দশমিক ৫৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমেছে। একই সঙ্গে ১১২ শতাংশ এনপিএল প্রভিশন কভারেজ রেশিও বজায় রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইডিএলসি জানায়, তাদের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টস ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টও এ সময়ে ব্যবসায়িক ফলাফলে ইতিবাচক অবদান রেখেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, আর্থিক খাতে তহবিলের ব্যয়, সম্পদের মান ধরে রাখা ও গ্রাহকদের পরিবর্তিত চাহিদার মতো নানা চ্যালেঞ্জ থাকলেও শক্তিশালী ব্যালান্স শিট বজায় রাখা, গ্রাহকসেবা জোরদার ও সতর্কতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের কৌশল অনুসরণ করে প্রতিষ্ঠানটি ভালো ফল করেছে।
আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, সম্পদের মান ধরে রাখার পাশাপাশি মুনাফা বৃদ্ধির এ ধারা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশা করছেন।
গত ২৮ জুলাই রাজধানীর গুলশানে আইডিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৭০তম সভায় ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।