গ্রামীণফোন
গ্রামীণফোন

গ্রামীণফোন ১,৪১৮ কোটি টাকা লভ্যাংশ দেবে

দেশের টেলিকম খাতের শীর্ষস্থানীয় কোম্পানি গ্রামীণফোনের (জিপি) মুনাফা ৯২ কোটি টাকা বা ৬ শতাংশের বেশি কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোন মুনাফা করেছে ১ হাজার ৪২১ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৫১৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ৬ শতাংশের বেশি কমে গেছে।

গত সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। গতকাল মঙ্গলবার তালিকাভুক্ত কোম্পানি হিসেবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আর্থিক প্রতিবেদনের তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। একই সভায় ছয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারধারীদের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, অর্থাৎ গ্রামীণফোনের শেয়ারধারীরা বছরের প্রথম ছয় মাসের জন্য শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন। ঘোষিত এই লভ্যাংশ বাবদ কোম্পানিটি শেয়ারধারীদের মধ্যে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে ১ হাজার ৪১৮ কোটি টাকা, যা চলতি বছরের প্রথম ছয় মাসের মুনাফার প্রায় সমপরিমাণ।

গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) কোম্পানিটি ৭ হাজার ৭৪০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭ হাজার ৯৩৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় ১৯৮ কোটি টাকা বা প্রায় আড়াই শতাংশ কমেছে। একদিকে আয় কমেছে অন্যদিকে বেতন–ভাতা, পরিচালন, সুদসহ অন্যান্য আর্থিক খরচ বেড়েছে কোম্পানিটির। ফলে মুনাফাও কমে গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির সুদসহ অন্যান্য আর্থিক খরচের পরিমাণ ছিল ২৭৯ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকা। সেই হিসাবে এই খাতে কোম্পানিটির খরচ আগের বছরের একই সময়ের চেয়ে ৪৬ কোটি টাকা বেড়েছে। একইভাবে বেতন–ভাতা বাবদ খরচ বেড়েছে ২০ কোটি টাকা। আর পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। এসব কারণে কোম্পানিটির লোকসান গত বছরের একই সময়ের চেয়ে ৯২ কোটি টাকা কমে গেছে।

এদিকে গ্রামীণফোন চলতি বছরের প্রথম ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ হিসেবে ১ হাজার ৪১৮ কোটি টাকার বিতরণ করবে তার মধ্যে সিংহভাগ বা ১ হাজার ২৭৬ কোটি টাকা পাবেন কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকেরা। কারণ, কোম্পানিটির শেয়ারের ৯০ শতাংশই রয়েছে তাদের হাতে। আর ৯৬ কোটি টাকা পাবেন কোম্পানিটির শেয়ারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। গত জুন শেষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল কোম্পানিটির পৌনে ৭ শতাংশ শেয়ার। এ ছাড়া ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা ঘোষিত লভ্যাংশ হিসেবে পাবেন ৪১ কোটি টাকা। গত জুন শেষে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল কোম্পানিটির প্রায় ৩ শতাংশ শেয়ার। আর গত জুন শেষে কোম্পানিটির কিছু শেয়ার ছিল বিদেশি বিনিয়োগকারীদের হাতে। ওই শেয়ারের বিপরীতে তাঁরা ঘোষিত লভ্যাংশ বাবদ পাবেন ৫ কোটি টাকা।

গ্রামীণফোন জানিয়েছে, আগামী ১২ আগস্ট যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, তাঁরা ঘোষিত এই লভ্যাংশ পাবেন। এ জন্য ১২ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।