লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে
লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে

লিথুয়ানিয়ার চাওয়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এফবিসিসিআই চায় ভিসা সহজ হোক

বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ-বাণিজ্য বাড়াতে আগ্রহী লিথুয়ানিয়া। এ জন্য বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে চায় উত্তর-পূর্ব ইউরোপের দেশটি।

আজ বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

লিথুয়ানিয়ার এমন আগ্রহকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক। এ জন্য দেশটির ভিসাপ্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিন্ন দেশে গিয়ে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন এফবিসিসিআইয়ের প্রশাসক। তিনি বলেন, লিথুয়ানিয়ার উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ লাভবান হতে পারে।

লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার জানান, তাঁদের মূল লক্ষ্য হলো ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণ। বাংলাদেশ এ অঞ্চলের একটি কৌশলগত বাণিজ্যকেন্দ্র। সে জন্য ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু করা কিংবা শেনজেনভুক্ত অন্য কোনো দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা জটিলতা সহজ করার উপায় খোঁজা হচ্ছে।

লিথুয়ানিয়ায় আগামী বছর অনুষ্ঠিতব্য ‘ডিজিটেক সামিট’ ও ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান ভিডমান্টাস ভার্বিকাস।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়ার ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস, পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্দো-প্যাসিফিক রিজিওনের অ্যাটাচে মিস. ক্রিসটিনা প্রমুখ।