আইসিসি বাংলাদেশের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলীর সভাপতিত্বে গতকাল কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানসহ ব্যাংকিং কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন
আইসিসি বাংলাদেশের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলীর সভাপতিত্বে গতকাল কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানসহ ব্যাংকিং কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন

আইসিসি বাংলাদেশ

অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় কয়েকটি ফোকাস গ্রুপ গঠন হচ্ছে

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) বিশ্বের বর্তমান অস্থির অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা ও তা নিয়ে সুপারিশমালা তৈরির লক্ষ্যে কয়েকটি ফোকাস গ্রুপ গঠন করবে। এসব ফোকাস গ্রুপের সুপারিশগুলো দেশের নীতিনির্ধারকদের বিবেচনার জন্য পেশ করা হবে।

আইসিসি বাংলাদেশের সচিবালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত সংগঠনটির ব্যাংকিং কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আইসিসিবি ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী সভাপতিত্ব করেন। সভায় আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানসহ ব্যাংকিং কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা হলেন—ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী, বিআইবিএমের পরিচালক শাহ মো. আহসান হাবীব; ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম; ট্রাস্ট ব্যাংকের এমডি হুমাইরা আজম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, আইসিসিবির মহাসচিব আতাউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান; প্রাইম ব্যাংকের এমডি হাসান ও রশিদ; ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত এমডি আহমেদ শাহীন।

সভায় বলা হয়েছে, বর্তমান অস্থির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেশের আর্থিক প্রতিষ্ঠান ও সরবরাহব্যবস্থাকে প্রভাবিত করছে।

আইসিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ফোকাস গ্রুপগুলো যেসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করবে, সেগুলোর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন; জলবায়ু; আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক কার্যক্রম, টেকসই অর্থায়ন, ডিজিটালাইজেশন, সাইবার নিরাপত্তা, ঋণ ও প্রতারণার ঝুঁকি ব্যবস্থাপনা; খেলাপি ঋণ কমানো এবং আর্থিক খাতে জেন্ডারভিত্তিক সমস্যা, অর্থায়ন ও কর্মসংস্থানের সমস্যা ইত্যাদি।