নতুন বছরের প্রত্যাশা

এসএমইদের জন্য বিশেষ উদ্যোগ চাই

মোহাম্মদ গাজী তৌহীদুর রহমান
মোহাম্মদ গাজী তৌহীদুর রহমান

বৈশ্বিক অভ্যন্তরীণ বিভিন্ন সংকটের কারণে আমাদের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য গত বছরটি ছিল বেশ চ্যালেঞ্জিং। করোনার কারণে ২০২০ সালে এসএমই উদ্যোক্তাদের কার্যক্রম অনেক সীমিত হয়ে যায়। তবে ধীরে ধীরে উদ্যোক্তা ও ভোক্তারা অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হলে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে থাকে। এতে ২০২১ সালে উদ্যোক্তারা ঘুরে দাঁড়াতে শুরু করেন।

২০২২ সালে এসে আমাদের প্রত্যাশা ছিল, অফলাইনে ব্যবসা-বাণিজ্য আবার আগের অবস্থায় ফিরবে। তাতে করোনার ক্ষতি কাটিয়ে আশানুরূপ সফলতা পাব আমরা। তাই শুরু থেকেই বছরটি উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জ নতুন করে হোঁচট খায় মার্চ-এপ্রিলে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর কিছুদিন পরই। যুদ্ধের প্রভাবে উৎপাদন খরচ বাড়তে থাকে। তাতে এসএমই খাতের উদ্যোক্তারা চাপে পড়েন। যার রেশ ছিল সারা বছর।

তবে যেকোনো সংকটের সঙ্গে নতুন নতুন পথও খুলে যায়। যেমন করোনার সময়ে অনলাইন ব্যবসার প্রসার ঘটেছিল। তাই নতুন বছরে আমার প্রত্যাশা, উদ্যোক্তাদের পণ্য বৈচিত্র্যকরণ ও রপ্তানিমুখী করতে যেন সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ব্যবসার নিবন্ধনসহ বিভিন্ন সনদ প্রতিবছর নবায়ন করতে হয়, এটা একধরনের হয়রানি। চলতি বছর থেকে ব্যবসার সনদ নবায়নের মেয়াদ যেন অন্তত তিন বছরের জন্য করা হয়, এটাই আমাদের চাওয়া।

পাশাপাশি নতুন নতুন যেসব উদ্যোক্তা তৈরি হচ্ছে, তাদের টিকিয়ে রাখার জন্য নতুন কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন নতুন বছরে বেশ কিছু ইনকিউবেশন সেন্টার করা যেতে পারে। সেই সঙ্গে অন্তত একটি হলেও আন্তর্জাতিক মানের প্রদর্শনীকেন্দ্র তৈরি করা। তাতে রপ্তানির সম্ভাবনা বাড়বে।

বর্তমানে বাজারে অন্যতম সংকট হলো জ্বালানি ও খাদ্য। খাদ্যসংকট মেটাতে এসএমই উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা রাখতে পারে। এ জন্য সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন এবং কারিগরি ও নীতিগত সহায়তা আশা করছি।

মোহাম্মদ গাজী তৌহীদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এফ এম প্লাস্টিক