অভিমত: কেমন বাজেট হলো

অগ্রিম আয়করে জটিলতা কাটুক

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০২২–২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন দেশীয় শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। কথা বলেছেন সুজয় মহাজন ও মাসুদ মিলাদ।

আলী হোসাইন আকবর আলী, চেয়ারম্যান, বিএসআরএম গ্রুপ
আলী হোসাইন আকবর আলী, চেয়ারম্যান, বিএসআরএম গ্রুপ

এবাবের বাজেটকে মোটাদাগে ব্যবসাবান্ধব বলতে হবে। ইস্পাত খাতে অনেক দিন ধরে আমরা বেশ কিছু দাবি জানিয়ে আসছিলাম। নতুন বাজেটে এই খাতে অনেক নীতিসহায়তা দেওয়া হয়েছে। যেমন দেশে যাতে ওয়্যার রডশিল্প বিকশিত হয়, সে জন্য স্থানীয় উৎপাদন উৎসাহিত করা হয়েছে। খুচরা পর্যায়েও মূল্য সংযোজন করে (মূসক বা ভ্যাট) সুবিধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে মূসক নিবন্ধন প্রদানের যে নীতি নেওয়া হয়েছে, তা–ও ইস্পাত খাতের জন্য খুবই যুগোপযোগী। এসব নীতি ইস্পাত খাতের বিকাশে খুবই কাজে দেবে।

বাজেটে করপোরেট কর কমানোর মতো অনেক ব্যবসাবান্ধব নীতি রয়েছে। এতে দেশীয় শিল্প খাতের বিকাশের জন্য ইতিবাচক অনেক কিছুই আছে। তবে অগ্রিম আদায় করা আয়কর ফেরত পাওয়ার বিষয়টি সহজ করলে ভালো হতো। আমরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছি, এই কর যদি ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসে, তাহলে তা উদ্যোক্তাদের জন্য স্বস্তির হতো। অগ্রিম আয়কর সব সময় করের ৩০ থেকে ৪০ শতাংশ। সরকার অগ্রিম করের হার কমিয়ে এবং ফেরতযোগ্য হিসেবে বিষয়টি পুনর্বিবেচনা করলে এই খাতের জন্য খুবই সহায়ক হবে।

আবার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে ঋণপত্রের (এলসি) পাশাপাশি বিক্রয় চুক্তি রাখা হয়েছে, যা ইতিবাচক। তবে স্থানীয় উৎপাদনকারীর জন্য বৈদেশিক মুদ্রায় স্থানীয় ঋণপত্র খোলার সুবিধা থাকলে আরও ভালো হতো। আশা করছি, সরকার যেভাবে ইস্পাত খাতে নীতিসহায়তা দিয়েছে, পর্যায়ক্রমে এসব দাবিও বাস্তবায়ন করা হবে।

বর্তমানে ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। মূল্যস্ফীতি বাড়লেও একটা পর্যায়ে তা স্থিতিশীল হবে। সংকট থেকে বেরিয়ে আসা সহজ হবে। এ জন্য নীতিনির্ধারকদের ধন্যবাদ জানাতে হয়।

এবার সরকার নতুন প্রকল্প নিয়ে খুবই সতর্ক রয়েছে, যেটি খুবই ইতিবাচক দিক। আমার মনে হয়, প্রকল্প হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের মতামত নেওয়া উচিত। প্রকল্পের খরচ কত হবে, কত বছরে বিনিয়োগ ফিরে আসবে—এই সবকিছু যাচাই-বাছাই করা উচিত। কারণ, নতুন প্রকল্প নেওয়ার আগে যাচাই-বাছাই না করলে আমরা ঋণের ফাঁদে পড়ে যেতে পারি। এমন কোনো প্রকল্প হাতে নেওয়া উচিত নয়, যেটি কর্মসংস্থান তৈরি করবে না। ভবিষ্যৎ প্রজন্মকে দায় নিতে হয়, এমন প্রকল্পও নেওয়া ঠিক হবে না। শ্রীলঙ্কা ও কেনিয়ায় এ ধরনের বহু প্রকল্প নেওয়া হয়, যেগুলো ছিল অপ্রয়োজনীয়। এর ফলে যারা ঋণ দিয়েছে, তাদের হাতে প্রকল্প তুলে দিতে হয়েছে। আমরা আশা করি, এ দেশে এমনটি হবে না।

সব মিলিয়ে বাজেটে শিল্প খাতে, বিশেষ করে ইস্পাত খাতে দীর্ঘদিন ধরে যেসব অসামঞ্জস্যতা ছিল, তা দূর করা হয়েছে। আশা করি, সরকারের এসব নীতিসহায়তা ইস্পাত খাতের বিকাশে কাজে দেবে।

আলী হোসাইন আকবর আলী, চেয়ারম্যান, বিএসআরএম গ্রুপ