গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং দেশীয় সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর কবির। কথা বলেছেন ফখরুল ইসলাম ও সুজয় মহাজন।
এবারের বাজেটটি একটু রক্ষণশীল হয়েছে, এটা ভালো। এ জন্য সাধুবাদ জানাচ্ছি। কিন্তু বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ক্ল্যাসিক্যাল যেকোনো অর্থনীতিবিদই এ কথা বলবেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মতো গবেষণা সংস্থাগুলোও একই কথা বলে যাচ্ছে। মূল্যস্ফীতি না কমালে গরিব ও মধ্যবিত্তের কষ্ট হবে। এটাও ঠিক যে আমাদের মূল্যস্ফীতি আমদানি করা মূল্যস্ফীতি। যেমন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। এ থেকে বাঁচার কোনো উপায় নেই। সরকার যদিও বড় আকারে ভর্তুকি রাখছে। তারপরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকাটা একটা বড় চিন্তার বিষয়।
ব্যাংক খাতের পক্ষ থেকে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে যেসব দাবি করেছিলাম, বাজেটে তার কিছুই পাইনি। এনবিআরকে আয়করের হারটা একটু সমন্বয় করতে বলেছিলাম। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রাখা ও কর বহাল থাকার কারণে ব্যাংক খাতের বড় ধরনের লোকসান হয়ে যায়। তাই আমানত ও ঋণের সুদের হারেও আমরা একটু উদারতা চেয়েছিলাম। এটা হয়নি বলে আশ্চর্যান্বিতই হয়েছি। দুনিয়া চলছে একভাবে আর আমরা চলছি আরেকভাবে। এভাবে সুদ নির্ধারণ করে দেওয়ার ঘটনা কোথাও নেই। মূল্যস্ফীতি বেশি থাকার কারণে বাংলাদেশ ব্যাংকও যেখানে রেপোসহ সব ধরনের সুদের হার বাড়াচ্ছে, সেখানে আমাদেরটা কেন আগের মতোই রাখা হলো, বুঝতে পারছি না।
২০২২–২৩ অর্থবছরে ব্যাংক খাত থেকে এক লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আছে সরকারের। এতে বেসরকারি খাতের ঋণ পাওয়ার সুযোগ কমতে পারে। তবে অতীতে এমনও দেখা গেছে, যত লক্ষ্যমাত্রা করা হয়, তার পুরোটা সরকার ব্যাংক খাত থেকে নেয় না। অবশ্য বছর শেষে পুরো বিষয়টি বোঝা যাবে। আরেকটি বিবেচনাও আছে এ ব্যাপারে। উচ্চ সুদের সঞ্চয়পত্র থেকে বেশি ঋণ না নিয়ে সরকার ব্যাংক খাতকে বেছে নিয়েছে। সরকার এ জন্য ধন্যবাদ পেতে পারে।
আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাবটিও ভালো হলো না। এতে আমানতের প্রবৃদ্ধির ওপর প্রভাব পড়বে। দেশের অপ্রাতিষ্ঠানিক খাত অনেক বড়। স্বচ্ছতা আনার জন্য দরকার ছিল ডিজিটাল পদ্ধতির প্রতি আরও মনোযোগ দেওয়া। কিন্তু আবগারি শুল্ক বাড়িয়ে দিয়ে অপ্রাতিষ্ঠানিক খাতের আমানত প্রবৃদ্ধিকে নিরুৎসাহিত করার দরকার ছিল না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রেডিট কার্ড। বাজেটে ক্রেডিট কার্ড ও ঋণ পাওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শর্ত আরোপ হয়েছে। আয়কর রিটার্ন দাখিলে একটা ভালো প্রবৃদ্ধি হচ্ছিল। সেটাও এখন নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে। কম আয়ের ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের জন্য এ শর্ত খুবই খারাপ হলো। এই প্রস্তাবে ক্রেডিট কার্ড ব্যবসা ধ্বংস হয়ে যাবে।
সেলিম আর এফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংক