অভিমত: কেমন বাজেট হলো

ব্যবসাবান্ধব, তবে করভার কমাতে হবে

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০২২–২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন দেশীয় শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। কথা বলেছেন সুজয় মহাজন ও মাসুদ মিলাদ।

রূপালী চৌধুরী
রূপালী চৌধুরী

সামগ্রিকভাবে এবারের বাজেটকে আমি ব্যবসাবান্ধবই বলব। ব্যবসাবান্ধব বাজেট বলার বড় কারণ, ধারাবাহিকভাবে কয়েক বছর করপোরেট করহার কমানোর ঘোষণা। ধীরে ধীরে আমাদের প্রতিযোগী অনেক দেশের সঙ্গে সমন্বয় করে করপোরেট করহার কমিয়ে আনা হচ্ছে। আমি মনে করি, এতে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আকৃষ্ট হবে। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, সরকার তিন বছর ধরে করপোরেট কর কমালেও অন্যান্য অনেক ধরনের কর বৃদ্ধি করেছে। এর ফলে কর কমানোর পরও কার্যকর করভার খুব বেশি কমছে না। এ দেশে যেসব কোম্পানি সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলে ও শেয়ারবাজারে তালিকাভুক্ত তাদের ক্ষেত্রে কার্যকর করভার ২৬ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত।

করপোরেট করহার কমানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের বেশ কিছু পর্যায়ে এবারের বাজেটে অগ্রিম আয়কর কমিয়ে ৭ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এটিও একটি ভালো উদ্যোগ। এতে সংশ্লিষ্ট খাতগুলো উপকৃত হবে। তবে এবারের বাজেটে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) কোম্পানিগুলো যে অর্থ দেয় সেটিকে করের আওতায় আনা হয়েছে। এ বিধানের ফলে কমপ্লায়েন্স অনেক কোম্পানির কর বেড়ে যাবে। এ ছাড়া কোম্পানিগুলো এ তহবিলের একটি অংশ সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে দিয়ে থাকে। বর্তমানে এ তহবিলের আওতায় একজন কর্মী ৫০ হাজার টাকার বেশি পেলে সেখানে কর ধার্য করা আছে। তাই নতুন করে এখানে আর কর না বাড়ানোই ভালো হবে। এমনিতেই আমাদের দেশে শ্রমিকদের সঙ্গে মুনাফা ভাগাভাগি করা কোম্পানির সংখ্যা কম। তাই এখনই এ তহবিলের অর্থকে করের আওতায় আনার সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করছি।

অনেকেই বড় বড় অবকাঠামো প্রকল্পের গতি শ্লথ করার পরামর্শ দিচ্ছে। তবে আমি মনে করি, বড় বড় অবকাঠামো প্রকল্পগুলো দ্রুত শেষ করলে তাতেই লাভ বেশি। প্রথমত, প্রকল্পের বাস্তবায়ন যত দীর্ঘায়িত হবে খরচ তত বাড়বে। আবার সময়মতো প্রকল্প শেষ করা গেলে তাতে বিনিয়োগ বাড়বে। এ কারণে এ মুহূর্তে বড় অবকাঠামো প্রকল্পগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া জরুরি বলে আমার মনে হয়। তবে এ ক্ষেত্রে বাণিজ্যিক সুদে ঋণ না নিয়ে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নে জোর দিতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা একটি দেশ সম্পর্কে প্রথম অভিজ্ঞতা সঞ্চয় করেন ওই দেশের বিমানবন্দরে নেমে। সে ক্ষেত্রে আমাদের বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজটি যত দ্রুত শেষ হবে ততই এটি বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি বাড়াবে। একইভাবে বলা চলে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলোও এ দেশের জন্য গর্বের প্রকল্প।

এদিকে এবারের বাজেটে রপ্তানি খাতের সবার জন্য একই করহারের প্রস্তাব করা হয়েছে। এটি খুবই ভালো সিদ্ধান্ত। এতে রপ্তানিতে বৈচিত্র্য আসবে বলে আমার বিশ্বাস। এ ছাড়া দুই বছর ধরে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। এটি বাড়ানো উচিত। এমনিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নানাভাবে অনেক বেড়েছে। সেখানে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানো হলে তাতে সাধারণ মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলত।