সংসদে পাস

সম্পূরক বাজেটের সর্বোচ্চ বরাদ্দ পেল অর্থ বিভাগ

গতকাল কণ্ঠভোটে প্রায় ১৭ হাজার ৫২৫ কোটি টাকার সম্পূরক বাজেট পাস করা হয়।

চলতি ২০২১-২০২২ অর্থবছরের জন্য প্রায় ১৭ হাজার ৫২৫ কোটি টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে চলতি
অর্থবছরে যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি টাকা ব্যয় করেছে, তার অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। আর ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ২২ হাজার ৬১৪ কোটি ১৮ লাখ টাকা কমেছে। তাতে সার্বিকভাবে ১০ হাজার ১৮১ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেটের নিট বরাদ্দ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।

৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয়।

বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের ১১ সংসদ সদস্য সম্পূরক বাজেটের ওপর ২৩৮টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হয়েছে।

ছাঁটাই প্রস্তাবগুলো দিয়েছিলেন, বিএনপির হারুনুর রশীদ, রুমিন ফারহানা ও মোশাররফ হোসেন, গণফোরামের মোকাব্বির খান, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, মুজিবুল হক, ফখরুল ইমাম ও কাজী ফিরোজ রশীদ এবং স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম। অবশ্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম ও মুজিবুল হক সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন না।

সম্পূরক বাজেটে অর্থ বিভাগ সর্বোচ্চ ৫ হাজার ৩০৭ কোটি ৫৬ লাখ ৬১ টাকা বরাদ্দ পেয়েছে। আর সবচেয়ে কম ১ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ পেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।