
বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে যখন দেখি ছোট শিশুরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তখন মন ছোট হয়ে আসে। এ জন্য আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে।’
আজ বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মাহবুব উর রহমান এ কথাগুলো বলেন। রাজধানীর এক হোটেলে এ বৈঠক চলছে। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশের পরিবারের মালিকানাধীন ব্যবসাগুলো সম্পদ গড়েছে উল্লেখ করে মাহবুব উর রহমান বলেন, তাদের কাছে টাকা নেই। তারা বেশির ভাগ ঋণ করে ব্যবসা করছে। এ জন্য তাদের কাছে ঋণের সুদ হার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে
মাহবুব উর রহমান বলেন, ‘আমাদের বিদেশি মুদ্রার মজুত বাড়াতে হবে। এটা করতে হবে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে। ভারতে ১০ বছর করছাড় রয়েছে। আমাদেরও করছাড়ের চিন্তা করতে হবে। ডলার না থাকলে কী হয়, আমরা তা দেখেছি। এ জন্য ডলারের প্রবাহ বাড়াতে উদ্যোগ নিতে হবে।’
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক উন্নতি করতে হবে। এসব দেশ থেকে বিনিয়োগ আমাদের দেশে আসার সুযোগ রয়েছে। এ জন্য বাংলাদেশকে প্রস্তুত হতে হবে।’
মাহবুব উর রহমান বলেন, ‘আমাদের রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। না হলে রপ্তানি বাধাগ্রস্ত হবে। রপ্তানি ও প্রবাসী আয় ছাড়া আমাদের ডলার আয়ের সুযোগ নেই। বিদেশি বিনিয়োগ তেমন আসে না। দেশের ঋণমান খারাপ হয়ে পড়েছে। এতে আমদানি খরচ বেড়ে যাবে। এদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।’
বাংলাদেশের পরিবারের মালিকানাধীন ব্যবসাগুলো সম্পদ গড়েছে উল্লেখ করে মাহবুব উর রহমান বলেন, তাদের কাছে টাকা নেই। তারা বেশির ভাগ ঋণ করে ব্যবসা করছে। এ জন্য তাদের কাছে ঋণের সুদ হার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।