আতরের ব্র্যান্ড আল হারামাইনে সবচেয়ে দামি আতর শেখ। ৬০ এমএল বোতলের এই আতরের দাম ৪৭ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের আল হারামাইনের বিক্রয়কেন্দ্রে
আতরের ব্র্যান্ড আল হারামাইনে সবচেয়ে দামি আতর শেখ। ৬০ এমএল বোতলের এই আতরের দাম ৪৭ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের আল হারামাইনের বিক্রয়কেন্দ্রে

আতর শেখের দাম ৪৭ হাজার টাকা, ব্রুনেই টুপি ২ হাজার টাকা

ঈদে পোশাক ও জুতা কেনার পর এবার আনুষঙ্গিক অন্য সামগ্রীর পালা। তাই ঈদের ঠিক আগমুহূর্তে চাহিদা বাড়ে আতর ও টুপির। শেষ বেলায় যেন আতর ও টুপি ছাড়া ঈদের কেনাকাটা পূর্ণতা পায় না। এসব ছাড়াও জায়নামাজ ও তসবিহর কদর বাড়ে। তাই দুই–চার দিন ধরে রাজধানীর আতর ও টুপির দোকানে সকাল থেকেই ক্রেতাদের ভিড় বেড়েছে।

দেশে সবচেয়ে জনপ্রিয় ও দামি আতরের ব্র্যান্ড আল হারামাইন। বসুন্ধরা শপিং মল, এয়ারপোর্টের সেন্টার পয়েন্টসহ রাজধানীর অভিজাত বিপণিবিতান ঘুরে দেখা গেছে, আল হারামাইনের বিক্রয়কেন্দ্রগুলোয় সর্বোচ্চ ৪৭ হাজার টাকার আতর রয়েছে। ৬০ এমএল বোতলের এই প্রিমিয়াম উদের সৌরভে তৈরি আতরের নাম শেখ। তবে অর্ডার করলে এর চেয়ে দামি আতর বিদেশ থেকে এনে দেয় প্রতিষ্ঠানটি।

এ ছাড়া আল হারামাইনের বিক্রয়কেন্দ্রে খোলা আতর (বড় বোতল থেকে ছোট শিশিতে ঢেলে দেওয়া হয়) বিক্রি করা হয়। এসব আতরের মধ্যে রয়েছে পাম বিচ, অর্কিড ফ্লাওয়ার, বডি মাস্ক মালিকি, ১০০০ ফ্লাওয়ার, সুলতান প্রিমিয়াম ও ওয়ার্দ ইস্তানবুলিসহ বেশ কয়েক ধরনের আতর। এসব আতরের ১ এমএলের দাম ২৬৬ থেকে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত।

প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়ার জন্য ৮ থেকে ১০ ধরনের আতরের ‘গিফট বক্স’ রয়েছে। এসব বক্সের দাম ৭ হাজার থেকে ২৯ হাজার টাকা। আল হারামাইনের জনপ্রিয় আতর সিরিজের মধ্যে রয়েছে মাস্ক, অ্যাম্বার, উদ প্রভৃতি।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–সংলগ্ন মার্কেটে এক ক্রেতাকে আতর দেখাচ্ছেন এক বিক্রেতা

দুই হাজার টাকার ব্রুনেই টুপি

আতরের সঙ্গে টুপিরও বেশ চাহিদা রয়েছে। রাজধানীতে আতর ও টুপির জন্য বিখ্যাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–সংলগ্ন মার্কেট। এই মার্কেটে ৫০টির বেশি আতর, টুপি ও জায়নামাজের দোকান রয়েছে। গতকাল মঙ্গলবার এই মার্কেট ঘুরে দেখা যায়, অনেকেই পরিবারের পুরুষ সদস্য ও শিশুদের জন্য টুপি কিনতে এসেছেন। আবার কেউ কেউ বন্ধুরা মিলে এসেছেন আতর কিনতে।

এই মার্কেটে গিয়ে সবচেয়ে বেশি দেখা যায়, ‘পাকিস্তানি টুপি’ হিসেবে পরিচিত একধরনের টুপি। সুতা ও চুমকির নকশা দিয়ে তৈরি এসব টুপির দাম এক হাজার থেকে দেড় হাজার টাকা। তবে সবচেয়ে বেশি দামি টুপি ব্রুনেই টুপি। বিক্রেতারা এই টুপির দাম চাইছেন দুই হাজার টাকা। গোলাকার আকৃতির এই টুপির মাঝখান কিছুটা গম্বুজের মতো উঁচু। মূলত হাতে সুতা দিয়ে কাজ করা বলে এই টুপির দাম বেশি।

এ ছাড়া দামি টুপির মধ্যে আরও রয়েছে রুমি টুপি, ওমানি টুপি, সৌদি টুপি, আফগান টুপি, ইন্দোনেশিয়ান টুপি ও পাকিস্তানি সিন্দি টুপি। নকশাভেদে এসব টুপির দাম ৪০০ থেকে দেড় হাজার টাকা। সরেজমিনে দেখা যায়, পাকিস্তানি জুনায়েদ জামশেদ টুপির চাহিদা বেশি। অনেক ক্রেতা এই টুপি দরদাম করছেন। ধরনভেদে এসব টুপির দাম ৪০০ থেকে ৬০০ টাকা।

রাজধানীর শান্তিনগর থেকে বায়তুল মোকাররমে নাতিকে নিয়ে টুপি ও আতর কিনতে আসেন লতিফুল ইসলাম। ১ হাজার ২০০ টাকায় পাকিস্তানি জুনায়েদ জামশেদ ও একটি জালি টুপি কেনেন তাঁরা। লতিফুল ইসলাম বলেন, ‘এই মার্কেটে টুপির দাম কম। নাতির আগ্রহ থেকে এখানে টুপি কিনতে এসেছি।’

মজুমদার ক্যাপ হাউজের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল বলেন, টুপির দাম শুরু হয় ৫০ টাকা থেকে। সর্বোচ্চ দুই হাজার টাকা দামের টুপি রয়েছে। তবে ক্রেতাদের চাহিদা বেশি ৫০০ টাকা দামের মধ্যে। এই মার্কেটের অধিকাংশ টুপি ভারত, পাকিস্তান ও তুরস্ক থেকে বেশি আসে।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–সংলগ্ন অস্থায়ী মার্কেটে টুপি দেখছেন ক্রেতারা

আতরের দরদাম

মার্কেটটির ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছরের মধ্যে এবারই আতরের চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সুগন্ধির আদলে তৈরি অনেক আতর বাজারে পাওয়া যাচ্ছে। এ কারণে আতরের প্রতি মানুষের আগ্রহও আগের চেয়ে বেড়েছে। তাই বিগত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসা ভালো।

রাজধানীর অধিকাংশ এলাকায় মসজিদ–মাদ্রাসাকেন্দ্রিক অস্থায়ী দোকানেও আতর বিক্রি হয়। এসব দোকানের বেশির ভাগই সাধারণ মানের আতর বিক্রি করে থাকে। এসব আতর পাওয়া যায় ১০০ থেকে ৩০০ টাকায়।

এ ছাড়া বাজারে কস্তুরি, মুস্তাহ আল তাহারা, মেসকাম্বার, কিসওয়াত আল কাবা, সাত সাফা, রয়্যাল প্রোফেসি, কুল ওয়াটার, আল অ্যারাবিয়া, সুলতান, কিং হোয়াইট ও হাজরে আসওয়াদ ব্র্যান্ডের বিদেশি আতর বেশি পরিচিত।

এ ছাড়া রয়েছে দেশীয় আতরের ব্র্যান্ড আলিফ ও আল ফারহান। দেশি ব্র্যান্ডের এসব আতরের দাম ১০০ থেকে ৮ হাজার টাকা। আতর সংরক্ষণের কাচ ও ধাতুর তৈরি বোতল বা দানির দাম ২০০ থেকে ২ হাজার টাকা।

বায়তুল মোকাররম মার্কেটের ইউসুফ আতর হাউজের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউসুফ বলেন, রোজার শেষ দিকে এসে আতর ও টুপির চাহিদা বেড়ে যায়। গত বছরের তুলনায় এবার আতরের বেচাকেনা ভালো।