বাংলাদেশ ব্যাংক

খেজুর, তেল ও ছোলা বাকিতে আমদানি করা যাবে

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

পবিত্র রমজান উপলক্ষে খেজুর, তেল, ছোলাসহ আট পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকগুলোকে এ সুযোগ দেওয়া হয়। সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি হয়ে দাম না বাড়ে, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।

যে আট ধরনের পণ্যের ওপর এ সুযোগ দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। ফলে এখনই ডলারের প্রয়োজন হবে না। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে ঋণপত্র (এলসি) খুললে পণ্য চলে আসবে। এতে পবিত্র রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে। তবে একটা সময় পরে আমদানি দায় পরিশোধের চাপ আসবে।

এর আগে ১১ ডিসেম্বর এসব পণ্য আমদানির শর্ত সহজ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এসব খাদ্যপণ্যের ঋণপত্র খোলার ক্ষেত্রে অগ্রিম জমা বা মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। এ জন্য ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর আমদানির ঋণপত্র খোলায় নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।

সাম্প্রতিক সময়ে ডলার-সংকটের কারণে ব্যাংকগুলো ঋণপত্র খোলায় কড়াকড়ি আরোপ করে। আবার ঋণপত্র খুলতে পুরোপুরি বা একটা অংশ অগ্রিম জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে।

সম্প্রতি ব্যাংকের এমডিদের সঙ্গে এক সভায় গভর্নর এ নির্দেশনা দিয়েছিলেন, যাতে ব্যাংকগুলো এসব পণ্য আনতে কোনো রকম নিরুৎসাহ না দেখায়। আমদানি মূল্য পরিশোধে ডলার-সংকট হলে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না আনার নির্দেশও দেন তিনি।

এদিকে আমদানি দায় বেড়ে যাওয়ায় গত দেড় বছরে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৮০০ কোটি ডলার থেকে কমে ৩ হাজার ৪০০ কোটিতে নেমে এসেছে। আর ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১০৫ টাকায় উঠেছে। এতে আমদানি পণ্যের দাম বেড়েছে। নানা উদ্যোগের পরও ডলারের সংকট এখনো কাটেনি।