আগামী ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে নানা খাতে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। যদিও আমদানি করা ও দেশে উৎপাদিত কিছু পণ্য ও সেবার ওপর বিভিন্ন ধরনের কর ও শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যা প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর। অবশ্য কিছু পণ্যে শুল্ক–কর কমিয়েছেনও অর্থমন্ত্রী। উচ্চ মূল্যস্ফীতির এ সময়েও করমুক্ত আয়ের সীমা বাড়াননি অর্থমন্ত্রী। সে অনুযায়ী আমরা পরিবার, ব্যবসা–বাণিজ্য, সামাজিক খাত ও শিল্প–বাণিজ্য সম্পর্কিত বাজেটের পদক্ষেপগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার জন্য বাজেটে অর্থমন্ত্রী কী কী রেখেছেন, তা একনজরে দেখে নিতে পারেন।
