বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে প্রায় দুই সপ্তাহ আগে এক সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আইডিআরএ মুখপাত্র সাইফুন্নাহার প্রথম আলোকে এই তথ্য জানান।
এর আগে অন্তর্বতী সরকারের আমলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পান এম আসলাম আলম। ওই সময়ে প্রজ্ঞাপনে বলা হয়েছিল, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর বা তাঁর বয়স ৬৭ বছর পূর্তির মধ্যে যেটি আগে, সেই সময় পর্যন্ত তাঁকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এম আসলাম আলম ২০১২ সালের নভেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগ দেন। তিন বছরের বেশি সময় বিভাগটির সচিব ছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। সরকার তখন আসলাম আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। পরে অবশ্য তাঁকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (পিএটিসি) রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়।