মেহনাজ রহমান
মেহনাজ রহমান

কেমন বাজেট চাই

জিডিপির প্রবৃদ্ধি বুঝি না, জিনিসপত্রের দাম কমুক

কয়েক বছর ধরে সাধারণ মানুষের চরম উদ্বেগ ও ভোগান্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই নতুন সরকারের নতুন বাজেট সামনে রেখে চাকরিজীবী থেকে শুরু করে শ্রমজীবীসহ সাধারণ মানুষ চান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক। ব্যবসায়ীরা চান ব্যবসার পরিবেশ সহজ হোক, শুল্ক–করের চাপ কমুক। তরুণেরা চান শিক্ষা, স্বাস্থ্য খাত উন্নত হোক। ব্যবসায়ী থেকে শুরু করে গৃহিণী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার ছয়জনের বাজেট প্রত্যাশা নিয়ে এ আয়োজন।

সংসারের মাসিক বাজার ব্যবস্থাপনা আমিই করে থাকি। তাই খরচের বাস্তব চিত্রটা আমার খুব ভালো জানা আছে। বর্তমানে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস ওঠার দশা হয়েছে। 

গত কয়েক বছরের ব্যবধানে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে। আগে যেখানে চার-সাড়ে চার হাজার টাকায় পুরো মাসের মুদি বাজার হয়ে যেত, এখন সেই টাকা শুধু চাল, তেল আর সবজি কিনতেই শেষ হয়ে যায়। সাবান, ডিটারজেন্ট, টিস্যু ও টয়লেট্রিজ সামগ্রীর দামও প্রায় দ্বিগুণ হয়েছে, যা নিয়ে কোথাও কোনো তদারকি নেই। 

সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার, বাসা ভাড়া—সব বেড়েছে। এখন ব্যয় বৃদ্ধি সঞ্চয়কে শূন্য করে দিচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমরা জিডিপির প্রবৃদ্ধি বুঝি না। আমরা চাই বাজার স্থিতিশীল থাকুক।

মেহনাজ রহমান, গৃহিণী, সিলেট