সোনার গয়না
সোনার গয়না

সোনার দাম কমল ভরিতে ২,২১৬ টাকা

দেশের বাজারে আজ বৃহস্পতিবার সোনা ও রুপার দাম কমেছে। ২২ ক্যারেট বা ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা। এতে এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। আজ দাম সমন্বয়ের আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। গতকাল বুধবারও সোনার দাম কমানো হয়েছে।

বিশ্ববাজারে প্রতিদিনই সোনার দাম ওঠানামা করে। সে কারণে গত ১ মাসে ১০ বারের বেশি সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমে হয়েছে ৪ হাজার ৮৯১ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনার গয়নার ক্ষেত্রে এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। সোনার গয়নার দাম কমাতে বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল দামের ওপর ৫ শতাংশ।

এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত জানানো হবে।