এলএনজিবাহী জাহাজ
এলএনজিবাহী জাহাজ

ক্রয় কমিটিতে অনুমোদন

তিন কার্গো এলএনজি কেনা হচ্ছে দ্বিগুণ দামে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দুই সপ্তাহ আগের তুলনায় বিশ্ববাজারে স্পট মার্কেট অর্থাৎ খোলাবাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। তাতে স্পট মার্কেট থেকে প্রায় দ্বিগুণ দামে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সপ্তাহ আগেও দুই কার্গো এলএনজি দ্বিগুণ দামে আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত আজকের বৈঠকে যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার দুই কোম্পানি থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এক কার্গো এলএনজি আনা হচ্ছে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে; আর দুই কার্গো আনা হচ্ছে দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে।

এক কার্গোতে থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো এলএনজি আনতে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার। আর পস্কো ইন্টারন্যাশনাল থেকে এলএনজি আনতে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২০ দশমিক ৭৬ ডলার।

তিন কার্গো এলএনজি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২ হাজার ৬৫৪ কোটি ৫৫ লাখ টাকা। চলতি বছরের ৫–৬ এপ্রিল এক কার্গো, ৯–১০ এপ্রিল এক কার্গো এবং ১২–১৩ এপ্রিল আরেক কার্গো এলএনজি আসবে দেশে। গত বছরের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি আনতে ব্যয় হয়েছিল ১০ দশমিক ৩৭ ডলার। তার আগে ৪ মার্চ গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ২৮ ডলার দরে এক কার্গো এবং ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ২৩ দশমিক শূন্য ৮ ডলার দরে এক কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত হয়।

* তিন কার্গো এলএনজি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২ হাজার ৬৫৪ কোটি ৫৫ লাখ টাকা।* টিসিবির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদিত ক্রয় কমিটিতে।* মাগুরা টেক্সটাইল মিল সরকারি-বেসরকারি অংশীদারত্বে চালুর সিদ্ধান্ত।

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে এলএনজি আসা বন্ধ হয়ে গেছে। এর পরই এলএনজির দামের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। হামলার আগে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউর দাম ছিল ১২ থেকে ১৫ ডলার। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যের একটি প্রণালি হচ্ছে হরমুজ প্রণালি। বিশ্বের মোট এলএনজির ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

এদিকে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (ইজিসিবি) নির্মিত সিদ্ধিরগঞ্জের ২৪০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ৮ বছর ৬ মাস ৩ দিন মেয়াদের জন্য লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২১৫ কোটি ১৪ লাখ টাকা।

এ ছাড়া নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি দামে বিক্রি করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে ক্রয় কমিটিতে। এতে ব্যয় হবে প্রায় ৩০৬ কোটি টাকা। ১৬৯ টাকা ২৫ পয়সা থেকে ৭০ টাকা ৭৫ পয়সা দরে যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস, ঢাকার মজুমদার প্রোডাক্টস, ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, ঢাকার তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং গাইবান্ধার প্রধান অয়েল মিলস এই তেল সরবরাহের কাজ পেয়েছে।

ক্রয় কমিটির পাশাপাশি আজ বুধবার অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন মাগুরা টেক্সটাইল মিলকে সরকারি-বেসরকারি অংশীদারি অর্থাৎ পিপিপি ভিত্তিতে চালু করার জন্য বেসরকারি অংশীদার চূড়ান্ত করা হয়েছে।