
ঋণ নেওয়ার পরিমাণ নয়, বরং সেই অর্থ কতটা উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জাতীয় মালিকানা নিশ্চিত করতে হবে।
আজ সোমবার কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।
সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং দেশি-বিদেশি নীতিনির্ধারক ও ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আসল, সুদসহ ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার (৪৪৯ কোটি ডলার) বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে (৫৫০ কোটি ডলার) উঠতে পারে। কোনো কোনো পরিস্থিতিতে তা ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে (৭৬০ কোটি ডলার) পৌঁছাতে পারে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ঋণ পরিশোধের তাৎক্ষণিক চাপ বাস্তব। তবে একে বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা ও দায়বদ্ধতার অঙ্গীকার থেকে বিচ্ছিন্ন করে দেখা উচিত নয়। অতীতে নেওয়া ঋণের মেয়াদপূর্তির কারণেই এখন পরিশোধের চাপ বাড়ছে। দায়িত্বশীলতার সঙ্গে এই সময় মোকাবিলা করতে হবে।
ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে রাজস্ব আদায় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, আগামী পাঁচ বছরে জিডিপির তুলনায় রাজস্ব আয় মাত্র ২ শতাংশ বাড়ানো গেলেও ঋণ পরিশোধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করেন তিনি।
ঋণের মেয়াদ বাড়ানো এবং পুনঃ অর্থায়নের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মতো অর্থায়ন মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়া এবং দেশকে উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। এ জন্য অর্থায়ন কৌশলকে অর্থনৈতিক বৈচিত্র্য, রপ্তানি সক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন, অবকাঠামো, দক্ষতা বৃদ্ধি ও জলবায়ু–সহনশীলতার সঙ্গে যুক্ত করতে হবে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কৌশলের ভিত্তি হলো ‘থ্রি-আর’—পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠন। এর মাধ্যমে অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা, বিনিয়োগ বাড়ানো এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বক্তব্য দেন। তিনি বলেন, ঋণনীতি কেবল কোনো প্রতিবেদনের সংখ্যা নয়। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। দেশে ডলারের সংকট দেখা দিলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
উদাহরণ দিয়ে তিনি বলেন, চট্টগ্রামের একজন সাধারণ দোকানদারের জ্বালানি খরচ বেড়ে যাওয়া, বন্দরে চিকিৎসাসামগ্রী আটকে থাকা কিংবা নতুন কর্মসংস্থান তৈরিতে কোনো কারখানার কার্যক্রম থমকে যাওয়ার পেছনেও ঋণ ও অর্থায়ন ব্যবস্থাপনার প্রভাব রয়েছে।
তানভীর গনি বলেন, ‘আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাঠামো আমাদের বলে দেয় যে ঋণটি টেকসই কি না। কিন্তু ঋণটি নেওয়া আদৌ যৌক্তিক ছিল কি না, তা তারা বলে না। সেই বিচার করার দায়িত্ব আমাদের এবং তা ব্যাখ্যা করার দায়িত্বও আমাদেরই।’
তানভীর গনি বলেন, দরজা কেবল সেই দেশের জন্যই খোলা হয়, যে দেশকে সবাই স্পষ্টভাবে বুঝতে পারে। অর্থাৎ দেশের জনগণ, দেশ পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং যে বিশ্ব আমাদের ঋণ দেবে, তাদের সবার কাছে বিষয়গুলো সহজবোধ্য হতে হবে।
তানভীর গনি বলেন, ‘আমি ঋণদাতার পক্ষে কাজ করেছি। যখন আমরা কোনো দেশকে বুঝতে পারতাম না, তখন আমরা সরাসরি “না” বলতাম না। তবে আমরা সুদের হার বাড়িয়ে দিতাম অথবা কম সময়ের জন্য ঋণ দিতাম। নিজেকে বোঝাতে না পারার সব সময়ই একটি মূল্য আছে এবং কাউকে না কাউকে সেই মূল্য চুকাতেই হয়।’
বৈশ্বিক ঋণদাতা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে স্পষ্ট যোগাযোগ বা বার্তা দেওয়াকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তানভীর গণি।
তানভীর গনি দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেন। প্রথমত, দেশের নিজস্ব ঋণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, বৈশ্বিক মূলধনের নতুন নতুন উৎসের সঙ্গে বাংলাদেশের সংযোগ তৈরি করা।
সরকারি ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে দুটি উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। এর মাধ্যমে বিভিন্ন দপ্তরের তথ্য ও পরিসংখ্যানে সামঞ্জস্য আনা হবে।
এ ছাড়া তিন মাস পরপর একটি জনসাধারণের জন্য উন্মুক্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এতে ঋণ ব্যবস্থাপনায় সরকারের কাজের অগ্রগতি ও যেসব ক্ষেত্রে অগ্রগতি হয়নি, তার চিত্র তুলে ধরা হবে।