
আট বছরের প্রক্রিয়া ও মূল্যায়নের পর জাতিসংঘের সিদ্ধান্ত হচ্ছে, আগামী ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। সেটি হতে যখন আর আট মাস বাকি, তখন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর দায়িত্ব নেওয়ার প্রথম দিনই বলে দিলেন, এ উত্তরণ বিলম্বিত (ডেফার) করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করতে যা যা করা দরকার, সবই করা হবে। আজ বুধবার থেকেই বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে দ্রুত সমন্বয় করে উত্তরণ বিলম্বিত করার কাজ এগিয়ে নেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর ও বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আজ বুধবার ঢাকায় সচিবালয়ে প্রথম অফিস করেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে এলডিসি থেকে উত্তরণ প্রসঙ্গ, রপ্তানি বৈচিত্র্যকরণ, রোজার বাজার, দেশি-বিদেশি বিনিয়োগ, বেকারত্ব ইত্যাদি বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব আবদুর রহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করতে যা যা করা দরকার, সবই করা হবে। আজ থেকেই বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে দ্রুত সমন্বয় করে উত্তরণ বিলম্বিত করার কাজ এগিয়ে নেওয়া হবে।—খন্দকার আব্দুল মুক্তাদীর, বাণিজ্যমন্ত্রী।
এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করতে দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রথম সপ্তাহে চিঠি দিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও সরকার আজ থেকেই এ নিয়ে কাজ শুরু করেছে।
জানা গেছে, এলডিসি থেকে উত্তরণের সময় পেছানোর আবেদন করে সফল হয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। ২০২৩ সালে দেশটির সরকার গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে বাড়তি সময় চেয়ে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে আবেদন করে। তা মূল্যায়ন করে দেশটিকে তিন বছর সময় বাড়িয়ে দেয় সিডিপি। এ ছাড়া সুনামির কারণে মালদ্বীপ এবং ভূমিকম্পের কারণে নেপালের এলডিসি উত্তরণও নির্ধারিত সময়ে হয়নি।
যোগাযোগ করলে বাংলাদেশ নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করার বিষয়ে নতুন বাণিজ্যমন্ত্রীর উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অতীতে বিলম্বিত হওয়ার বেশ কয়েকটি উদাহরণ আছে। নতুন সরকারকে এখন বলতে হবে যে আগের সরকারের সিদ্ধান্ত আমরা মানি না এবং নতুন পথনকশা করতে আমাদের সময় দিতে হবে।’
তিন বছর পরপর এলডিসিভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ এবং জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এ তিন সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয় কোনো দেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্য কি না। যেকোনো দুটি সূচকে উত্তীর্ণ হলে অথবা মাথাপিছু আয় নির্ধারিত সীমার দ্বিগুণ হলে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করে জাতিসংঘ।
বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসি তালিকাভুক্ত হয়। এলডিসিভুক্ত থাকার সুবাদে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে এসেছে বাংলাদেশ। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে তিন সূচকেই উত্তীর্ণ হয় বাংলাদেশ এবং ২০২১ সালেই চূড়ান্তভাবে সুপারিশ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। তবে করোনার কারণে প্রস্তুতির জন্য দুই বছর সময় বাড়ানো হয়।
এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন একটি কমিটি। এর নাম কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। ২০১৮ সাল থেকে সিডিপির সদস্য গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে তিন বছর করে তিন দফায় নিয়োগ পাওয়া এই সদস্যের বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের মার্চেই সিদ্ধান্ত নেয় নির্ধারিত সময়েই এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। জাতিসংঘ সম্প্রতি স্বাধীন প্রস্তুতিমূলক একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে। আগামী সোমবার থেকে পাঁচ দিনব্যাপী সিডিপির বৈঠক রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য।
এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করার বিষয়ে নতুন বাণিজ্যমন্ত্রী আজ যে উদ্যোগের কথা বলেছেন, প্রথম আলোর পক্ষ থেকে তা অবহিত করা হয় দেবপ্রিয় ভট্টাচার্যকে। তিনি বলেন, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একার বিষয় নয়, বরং গোটা সরকারের বিষয়। এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ নির্ধারিত সূচকের অনেক ওপরে আছে। পেছাতে গেলে সবার আগে সরকারের সিদ্ধান্ত বদলাতে হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, উপদেষ্টা পরিষদ গত বছরের মার্চে উত্তরণের যে সিদ্ধান্ত নিয়েছে, তা পাল্টিয়ে এখন নতুন করে বলতে হবে যে দেশে অভাবিত ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণের বাইরে ছিল। এ ছাড়া সিডিপিতে পাঠানো বাংলাদেশের প্রতিবেদন প্রত্যাহার করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯২টি দেশের মধ্যে ভোটাভুটির জন্যও আবেদন পাঠানোর প্রয়োজন হতে পারে।