আজ নতুন আরেকটি সপ্তাহ শুরু হলো। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহে শেয়ারবাজারে সূচকের ওঠানামা ছিল। তাই কোন কোম্পানির দাম বাড়ল ও কোন কোম্পানির কমল, তা জানতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে।
এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোয় চলবে বিদেশি মুদ্রার বিনিময়।
সঞ্চয়কারীদের আগ্রহ আছে আমানত ও ঋণের সুদহার নিয়ে।
কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে। বাজারে কোন জিনিসের দাম কত, তা নিয়ে আগ্রহ আছে।
এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই।
গত সপ্তাহ শেষে শেয়ারবাজারের সব কটি সূচকের ওঠানামা ছিল। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্ট হয়। ডিএসইএস সূচকও কিছুটা বেড়েছিল। ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্ট হয়।
অন্যদিকে ডিএস–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে থেমেছিল। বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৬৫৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ রোববার এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।
কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ বৃহস্পতিবার ডলারের দাম ১২২ টাকা ৯০ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাজারে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপির দাম।
তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা এর চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংকভেদেও দাম ওঠানামা করতে পারে।
সঞ্চয়কারী ও ঋণ গ্রহণকারীদের জন্য সুদের হার গুরুত্বপূর্ণ। আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁদের সুদের হার জানা প্রয়োজন। কারণ, সুদের হারের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, ব্যাংক খাতে ঋণের ওপর গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ। আর আমানতের ওপর গড় সুদহার ৬ দশমিক ২২ শতাংশ।
তবে ব্যাংক ও স্কিমভেদে আমানতের সুদের হার ওঠানামা করে। যেমন দীর্ঘ মেয়াদে এফডিআর রাখলে তুলনামূলক সুদের হার বেশি, যা অনেক ব্যাংকে ১০ শতাংশের বেশি। আবার চলতি হিসাবের সুদের ৪–৫ শতাংশের মতো।
অন্যদিকে ব্যাংকভেদে ও ঋণের ধরনভেদে সুদের হারও ওঠানামা করে। যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্পঋণের সুদের হার ১৩–১৪ শতাংশ পর্যন্ত হয়।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে। গতকাল শনিবার সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
মুরগি ও ডিমের দাম কমছে না। ডিমের ডজন ১৫০ টাকা ও ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০০ টাকার আশপাশে অনেক দিন ধরেই স্থির হয়ে আছে। মূল্যবৃদ্ধির তালিকায় আছে আটা–ময়দা। তবে সবজির দাম কিছুটা বাড়তি।
গতকাল সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রথম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।
অন্যদিকে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে তেলের দাম বাড়ছে।