দেশের মানুষের মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৩.৪৯%

দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য দিয়েছে।

আগের বছরের চেয়ে মাথাপিছু আয় ৩১ ডলার বেড়েছে। আগের অর্থবছরের (২০২৩–২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

আজ বৃহস্পতিবার ২০২৪–২৫ অর্থবছরের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব দিয়েছে বিবিএস।

মাথাপিছু আয় কী

মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়। এটি দেশের মানুষের গড় মাথাপিছু আয়।

বিবিএসের হিসাবে দেখা গেছে, দুই বছর মাথাপিছু আয় কমার পর গত অর্থবছরে মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ কোটি ডলার। ২০২৩–২৪ অর্থবছরে তা আরও কমে হয় ২৭৩৮ ডলার।

বিবিএস বলছে, টাকার হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৪ লাখ ৮১ হাজার ৫৪৬ টাকা।

জিডিপি প্রবৃদ্ধি কমেছে

বিবিএসের হিসাবে গণ–অভ্যুত্থানের বছরে অর্থাৎ ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। সাময়িক হিসাবের চেয়ে কমেছে দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট। ২০২৩–২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ২২ শতাংশ।