আজ রোববার সচিবালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন
আজ রোববার সচিবালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

পাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশের

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি–টু–জি) বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় দুই দেশ নিজেদের চাহিদা অনুযায়ী চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি–রপ্তানি করতে পারবে।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর, সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এ বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। পরবর্তী সময়ে আলোচনা ও দর–কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি সম্পন্ন করে সরবরাহের শর্ত নির্ধারণ করা হবে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি পৃথকভাবে চূড়ান্ত হবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি–রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি–রপ্তানি ও সরবরাহব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে। তিনি জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু, মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে।

হাইকমিশনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি–ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, সুনির্দিষ্ট পণ্য চিহ্নিতকরণ, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং উভয় দেশের চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।