প্রাক্-বাজেট আলোচনা

করপোরেট কর কমানোর সুফল মিলছে না

এনবিআরের সঙ্গে গতকাল অনুষ্ঠিত আলাদা আলাদা বৈঠকে মেট্রো চেম্বার ও ফরেন চেম্বার নেতারা বলেন, শর্তের কারণে এ সুফল পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়
ছবি: সংগৃহীত

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আড়াই শতাংশ করপোরেট কর কমানো হলেও তার সুফল পাচ্ছে না ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানগুলো। কারণ, কর কমানোর সঙ্গে সরকার যেসব শর্ত জুড়ে দিয়েছে, সেসব শর্ত পূরণ করতে পারছে না বেশির ভাগ প্রতিষ্ঠান।

গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্‌-বাজেট আলোচনা সভায় এ অভিযোগ করেন ব্যবসায়ীদের দুই সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এ সভা হয়।

বাজেটে করপোরেট কর কমানোর ক্ষেত্রে সরকার যেসব শর্ত জুড়ে দেয়, তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩৬ লাখ টাকার বেশি নগদ লেনদেন না করা। এ ছাড়া অননুমোদিত ব্যয়ের ক্ষেত্রে করারোপ এবং বেশি পরিমাণ উৎসে কর কর্তনের ফলে করপোরেট কর কমার সুফল পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। তাই করপোরেট কর কমানোর সুবিধা পেতে আরোপিত শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে এমসিসিআই বা মেট্রো চেম্বার। এ ছাড়া কার্যকরী কর হার (বাস্তবে যত কর দিতে হয়) কমানোরও দাবি জানিয়েছেন মেট্রো চেম্বার ও ফরেন চেম্বারের নেতারা। আগামী বাজেটে এসব দাবি পূরণের আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

প্রাক্‌-বাজেট আলোচনায় মেট্রো চেম্বারের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম। এ সভা হয় গতকাল সকালে। আর বেলা আড়াইটায় ফরেন চেম্বারের সঙ্গে অনুষ্ঠিত সভায় নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি নাসের এজাজ বিজয়। এনবিআরের পক্ষে এসব আলোচনায় অংশ নেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা ও সামস উদ্দিন আহমেদ।

সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, নতুন ভ্যাট আইন সম্পূর্ণ ডিজিটালনির্ভর আইন। এই আইনের কার্যকর সুফল পেতে হলে সবাইকে ডিজিটাল ব্যবস্থায় অভ্যস্ত হতে হবে। আমরা তো আইনটা মাত্র করেছি, এ জন্য শুরুতে নানা অসুবিধার বিষয় সামনে আসছে। পর্যায়ক্রমে এসব ঠিক হয়ে যাবে। এ ছাড়া করজাল বাড়ানো এবং রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে কাজ চলছে।

আলোচনায় অংশ নিয়ে মেট্রো চেম্বারের সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির ৮০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক খাতের। এ কারণে নগদ লেনদেনের পরিমাণও অনেক বেশি প্রয়োজন হয়। এ ছাড়া কার্যকর করহার, বিশেষ করে অননুমোদিত ব্যয় ও উৎসে কর কর্তনের হার অনেক বেশি। একই কথা বলেন ফরেন চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয়। এ জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিল রেখে কার্যকর করহার কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এনবিআরের কাছে কর ও ভ্যাট ব্যবস্থাপনার সব ক্ষেত্রে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর দাবি জানান দুই সংগঠনের নেতারা। মেট্রো চেম্বার বলেছে, ভ্যাট ব্যবস্থাপনা এখনো পূর্ণাঙ্গভাবে স্বয়ংক্রিয় হয়নি। আর ফরেন চেম্বারের নেতারা বলেন, ডিজিটালাইজেশন ব্যবস্থা অনেক ধীরগতিতে এগোচ্ছে। তাই ব্যবসায়ীরা ব্যক্তিগত আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে সব ধরনের নথি অনলাইনে যুক্ত করার সুবিধা চেয়েছেন। আর ই-ইনভয়েসিং আবশ্যক করার মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনাও সহজ করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

এ ছাড়া কর নির্ধারণব্যবস্থা, কর আপিল, ট্রাইব্যুনাল, বিকল্প বিরোধ নিষ্পত্তির শুনানি, করদাতাদের নোটিশ প্রদান ও শুনানিতে হাজির হওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রচলিত আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে অনলাইনভিত্তিক করার দাবি জানিয়েছে সংগঠন দুটি। তারা বলছে, এর মাধ্যমে ব্যবসায়ীদের অর্থ ও সময়ের অপচয় এবং হয়রানি কমবে।

মেট্রো চেম্বারের সভাপতি সাইফুল ইসলাম বলেন, বর্তমানে বাধ্যতামূলকভাবে ৩৮টি ক্ষেত্রে আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র (পিএসআর) দাখিল করতে হয়। কিন্তু ব্যাপকসংখ্যক পিএসআর দাখিলের বিধান ব্যবসার সক্ষমতা কমিয়ে দেয় এবং পিএসআর সংগ্রহকারীর পক্ষে হিসাবরক্ষণ ব্যবস্থাও অনেক জটিল। তাই এসব বিধান বিবেচনার জন্য এনবিআরের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

ফরেন চেম্বার সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, বর্তমানে তেল, গ্যাসের মতো অনেক পণ্যের দাম বিশ্ববাজারে কমে এসেছে। এখন এসব পণ্যের তিন মাসের গড় হিসাব ধরলে শুল্ক-কর বেশি আসবে। এতে শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তা উভয়ের ব্যয় বেড়ে যাবে।

এ জন্য প্রধান প্রধান আমদানিপণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে হালনাগাদ বিনিময় মূল্যের আলোকে শুল্কায়নের দাবি জানিয়েছেন তিনি। একই দাবি জানিয়েছে মেট্রো চেম্বারও।

সভায় আরও বলা হয়, গত কয়েক বছরে রাজস্ব বোর্ড বেশ কিছু পণ্যের এইচএস কোড পরিবর্তন করেছে। এই পরিবর্তনকে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের (ডব্লিউসিও) এইচএস কোড নীতিমালার পরিপন্থী দাবি করে ফরেন চেম্বারের নেতারা বলেছেন, এর ফলে বিভিন্ন পণ্যের আমদানি খরচ অনেক বেড়ে গেছে।